স্কুল ফুটবল নিয়ে আবার তোড়জোড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভবিষ্যৎ ফুটবলার তৈরিতে বিরাট অবদান রেখে আসছে স্কুল টুর্নামেন্ট। অতীতে নিয়মিত না হলেও সম্প্রতি এই টুর্নামেন্টটা মাঠে রাখছে বাফুফে। গত বছর তো ইসলামী ব্যাংক পাঁচ কোটি টাকার বিশাল স্পনসরশিপ নিয়ে এগিয়ে এসেছিল। সেই ইসলামী ব্যাংক এবারও থাকছে স্কুল টুর্নামেন্টের সঙ্গে।
কাল বাফুফে-ইসলামী ব্যাংকের মধ্যে হয়ে যাওয়া নতুন চুক্তিটা নানা দিক থেকে একটু অন্য রকম। গতবারের চেয়ে এবার এক কোটি কম টাকা দিচ্ছে ইসলামী ব্যাংক। গতবার শুধু স্কুল টুর্নামেন্টের জন্যই পাঁচ কোটি টাকা দেওয়া হলেও এবার স্কুল টুর্নামেন্টের পাশাপাশি একটি কলেজ টুর্নামেন্টও যোগ করা হয়েছে। অর্থাৎ এবার চার কোটি টাকায় স্কুল ও কলেজ টুর্নামেন্ট করতে হবে।
গতবার ইসলামী ব্যাংকের দেওয়া পাঁচ কোটি টাকা নয়ছয় হওয়ার অভিযোগ আছে। ওই টুর্নামেন্ট তত্ত্বাবধান করেছিল স্কুল ফুটবল কমিটি। ওই কমিটিই যাবতীয় খরচ করেছে। কিন্তু সেই খরচের হিসাব নিয়ে খোদ বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনই অসন্তোষই জানিয়েছিলেন।
একটি বেসরকারি টিভি চ্যানেলের প্রধান ছিলেন ওই স্কুল কমিটির চেয়ারম্যান। তাঁর টিভি চ্যানেলে স্কুল টুর্নামেন্টের খেলা প্রচার করা হয়েছিল। সেই বাবদ চ্যানেলটি ৮৯ লাখ টাকা ‘মিডিয়া খরচ’ দেখিয়ে নিয়েছে বলে জানিয়েছে বাফুফে। এটা নিয়ে বাফুফেতে অসন্তোষ দেখা গেছে এবং পাঁচ কোটি টাকা কীভাবে খরচ হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাফুফের অনেকেই।
এসব কারণে গত স্কুল কমিটি সমালোচনার মুখে পড়েছিল। সেই কমিটি বাতিল করে এবার বাফুফের সহসভাপতি তাবিথ আউয়ালকে চেয়ারম্যান করে গঠন করা হয়েছে কমিটি। তারাই এবার ইসলামী ব্যাংককে আবার স্পনসর হিসেবে নিয়ে এসেছে।
মজার ব্যাপার, ইসলামী ব্যাংক বিপুল অঙ্কের টাকা গতবার দিলেও টুর্নামেন্টে তাদের টাইটেল স্পনসর করা হয়নি। এবার অবশ্য তেমন সমস্যা হবে না বলে কাল ইসলামী ব্যাংক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন বললেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, ‘গতবারের টুর্নামেন্টটি বাফুফের নিজস্ব তত্ত্বাবধানে হয়নি। স্কুল কমিটিই এটা পরিচালনা করেছে। যে কারণে কিছু সমস্যা হয়েছে। তবে এবার বাফুফেই সব করবে, কাজেই কোনো সমস্যা হবে না। এবার ইসলামী ব্যাংকই টাইটেল স্পনসর।’
কিন্তু প্রাসঙ্গিক প্রশ্নটা উঠেছে, টাকার অঙ্ক এবার কমে গেল কেন? সংবাদ সম্মেলনে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নানের ব্যাখ্যা, ‘চার কোটি টাকাই সবকিছু নয়। আমরা তো এই টুর্নামেন্টের সঙ্গেই আছি।’
সেপ্টেম্বর নাগাদ স্কুল টুর্নামেন্ট শুরু করবেন বলে জানিয়েছেন তাবিথ আউয়াল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফের সহসভাপতি কাজী নাবিল আহমেদসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।