স্কুল ফুটবল নিয়ে বড় স্বপ্ন
জাতীয় স্কুল ফুটবল নিয়ে তোড়জোড় চলছে অনেক দিন থেকেই। সারা দেশের ৪৮০০ স্কুল খেলবে, খেলোয়াড় প্রায় এক লাখ। এত বড় পরিসরে এর আগে স্কুল ফুটবল হয়নি। আয়োজক বাংলাদেশ ফুটবল ফেডারেশন, শিক্ষা মন্ত্রণালয় বাড়িয়েছে সহযোগিতার হাত। এবার পাঁচ কোটি টাকার স্পনসরশিপ নিয়ে স্কুল ফুটবলে সম্পৃক্ত হলো ইসলামী ব্যাংক। এ মাসের তৃতীয় সপ্তাহে ঢাকা মহানগরী দিয়ে শুরু হবে জাতীয় স্কুল ফুটবল। এ আয়োজনে ১০ হাজার ফুটবল দেবে প্লান বাংলাদেশ।কাল রাজধানীর এক হোটেলে ইসলামী ব্যাংকের সঙ্গে বাফুফের সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বক্তব্য দেন ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক এ এন এম আবদুজ জাহের, বাফুফের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী, বাফুফে স্কুল কমিটির প্রধান এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান মাহফুজুর রহমানসহ অন্য কর্মকর্তারা।স্কুল ফুটবল নিয়মিত হলে বাংলাদেশের ফুটবল অনেক এগিয়ে যাবে—এই ছিল বক্তাদের মূল সুর। কেউ কেউ বাংলাদেশ বিশ্বকাপে খেলবে এই স্বপ্নের কথাও বললেন। বিশেষ করে মাহফুজুর রহমানের কথাতে স্বপ্নটা ছিল বেশি। জানানো হয়েছে, এই প্রতিযোগিতা থেকে বাছাই করা এক শ ছেলেকে পরে কলেজ, বিশ্ববিদ্যালয়ে খেলোয়াড় কোটায় ভর্তির ব্যাপারে সহযোগিতা করা হবে। এ ব্যাপারে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।এই আয়োজনের পেছনে সবচেয়ে বেশি শ্রম দিয়েছেন শেখ মোহাম্মদ আসলাম। স্কুল ফুটবল কমিটির কো-চেয়ারম্যান সাবেক তারকা ফুটবলারের আশা, ‘স্কুল ফুটবল সারা দেশে একটা জাগরণ আনবেই আনবে।’