স্কুল ফুটবলে ফাইনালের উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টুর্নামেন্ট শুরু হয়েছিল গত ডিসেম্বরে। সারা দেশের চার হাজার ৮০০ স্কুলের অংশগ্রহণে শুরু হওয়া জাতীয় স্কুল ফুটবল একেবারে শেষ ধাপে এসে পৌঁছেছে এখন। আগামীকাল ফাইনালে মুখোমুখি নারায়ণগঞ্জ ইসদাইর রাবেয়া হোসেন উচ্চবিদ্যালয় ও চট্টগ্রাম কাটিরহাট উচ্চবিদ্যালয়। উপজেলা ও জেলা পর্যায় শেষে সারা দেশের সাতটি বিভাগের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল নিয়ে ঢাকায় চূড়ান্ত পর্ব শুরু হয় গত ১০ জুন। চূড়ান্ত পর্বে তাদের সঙ্গী হয়েছিল ঢাকা মহানগরের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল।আগামীকালের ফাইনাল নিয়ে দুই দলই ভুগছে বেশ উত্তেজনায়। নকআউট টুর্নামেন্টে প্রতিটি দলকে খেলতে হয়েছে ১৬টি করে ম্যাচ। নারায়ণগঞ্জ ইসদাইর রাবেয়া হোসেন উচ্চবিদ্যালয়ের কোচ মোহাম্মদ সুজন জানালেন, ‘ছেলেরা কঠোর অনুশীলন করেছে। দুই বছর আগে আমাদের স্কুল বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে হেরেছিল। এবার আর হারতে চাই না।’ চট্টগ্রামের কাটিরহাটের ছেলেরা দুই দিন আগেই ঢাকায় এসে অনুশীলন শুরু করেছে। আবাহনী ক্লাব মাঠে দুবেলা কঠোর অনুশীলন চলছে। কোচ এইচ এম জসিমউদ্দিনের প্রত্যাশা চ্যাম্পিয়ন হওয়ার, ‘আমরা চ্যাম্পিয়নের জন্যই মাঠে নামব। সেমিফাইনালের পর কয়েক দিন বিরতি পেয়ে বেশ সুবিধা হয়েছে। এতে ছেলেরা আরও ভালো খেলবে।’টুর্নামেন্টটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। চ্যাম্পিয়ন দলকে ১০ লাখ ও রানার্সআপ দলকে দেওয়া হবে পাঁচ লাখ টাকা পুরস্কার। সেরা খেলোয়াড়কে এক লাখ টাকা পুরস্কার দেবেন ঢাকা-৭ আসনের সাংসদ মিজানুর রহমান খান। ফাইনাল উপলক্ষে বঙ্গবন্ধু স্টেডিয়ামে শোভাযাত্রার আয়োজন করেছে ফেডারেশন। প্রায় সাত মাস ধরে চলতে থাকা টুর্নামেন্ট নিয়ে বেশ আশাবাদী জাতীয় স্কুল ফুটবল কমিটির ডেপুটি চেয়ারম্যান শেখ মোহাম্মদ আসলাম, ‘ফুটবলের এমন মহাযজ্ঞ আমাদের জন্য ইতিহাস হয়ে থাকবে। নানা বাধা-বিপত্তি আর সমস্যা পার করে একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি।’ দেশের অনেক জায়গায় দল না খেলিয়েও আঞ্চলিক চ্যাম্পিয়ন হওয়ার অভিযোগ মেনে নিলেও তিনি বলেছেন, ‘কিছু কিছু উপজেলায় এমন ঘটনা ঘটেছে। পরে শিক্ষা মন্ত্রণালয় থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ওই সব জায়গার শিক্ষা অফিসারকে প্রত্যাহার করা হয়। পরে ক্ষমা চেয়ে রক্ষা পেয়েছেন।’এই টুর্নামেন্ট থেকে বাছাই করা ৩০ জন ফুটবলারকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সেখান থেকেই বাছাই করা ফুটবলার নিয়ে গড়া হয়েছে অনূর্ধ্ব-১৪ ফুটবল দল। এই দলটা ২২ জুলাই ডেনমার্কে যাচ্ছে আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে। স্কুল ফুটবল উপলক্ষে কাল সংবাদ সম্মেলনের আয়োজন করে ফেডারেশন। উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক ইসলামী ব্যাংক কর্মকর্তা আতাউর রহমান, এটিএন বাংলার কর্মকর্তা নওয়াজিশ আলী খানসহ অন্যরা।