স্কুল ফুটবলে সেরা নারায়ণগঞ্জ
ম্যাচ শুরুর আগে কাঁদছিল আকাশ। আর ম্যাচ শেষে কাদামাটিতে শুয়ে কাঁদল চট্টগ্রাম কাটিরহাট উচ্চবিদ্যালয়ের কিশোরেরা। জাতীয় স্কুল ফুটবলের ফাইনালে টাইব্রেকারে (৪-৩) তারা হেরে গেল নারায়ণগঞ্জ ইসদাইর রাবেয়া হোসেন উচ্চবিদ্যালয়ের কাছে। নির্ধারিত সময়ে ম্যাচে ছিল ১-১ সমতা।সারা দিন থেমে থেমে হওয়া বৃষ্টিতে বঙ্গবন্ধু স্টেডিয়াম অনেকটাই খেলার অনুপযুক্ত হয়ে পড়েছিল। কোনো দলই তাই স্বাভাবিক খেলা খেলতে পারছিল না। শুরু থেকেই অবশ্য আক্রমণে যায় নারায়ণগঞ্জ। এবং সেটার ফল পেতেও দেরি হয়নি। ১০ মিনিটে রাব্বি চমৎকার রংধনু শটে এগিয়ে নেয় নারায়ণগঞ্জকে (১-১)। গোল শোধের চেষ্টায় মরিয়া কাটিরহাট সুযোগটা পেয়ে যায় ৪৪ মিনিটে। বক্সের মধ্যে বল নিয়ে এগিয়ে যাওয়া রবিউলকে ফেলে দেয় নারায়ণগঞ্জের সোহাগ। পেনাল্টি থেকে গোল করেন আবদুল্লাহ (১-১)। বাকি সময়ে দুই দল অনেক চেষ্টা করেও আর গোল পায়নি। অতিরিক্ত সময়েও গোল না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। উত্তেজনায় দাঁড়িয়ে পড়ে সারা স্টেডিয়ামে ছড়িয়ে-ছিটিয়ে থাকা হাজার দুয়েক দর্শক। ভিআইপি গ্যালারিভর্তি সমর্থকেরাও তখন বাদ্য-বাজনা থামিয়ে দিয়েছে। টাইব্রেকারে ইসদাইরের সানি, মমিনুল, মিঠু ও শিবু গোল করলেও রাব্বির শট কাটিরহাটের গোলরক্ষক শাহজাহানের হাত ছুঁয়ে লাগে ক্রসবারে। কাটিরহাটের আবদুল্লাহ, রায়হান ও ওসমান গনি গোল করে। মাঝে রমজানের শট ঠেকিয়ে দেয় নারায়ণগঞ্জের গোলরক্ষক রনি। এরপর কাটিরহাটের গোলরক্ষক শাজাহানের শেষ শটটি রনির হাত ছুয়ে ক্রসবার লাগতেই আনন্দে লাফিয়ে ওঠে নারায়ণগঞ্জের ছেলেরা। কাটিরহাটের কোচ জসিমউদ্দিন দুষলেন ভাগ্যকেই, ‘আমাদের ছেলেরা কাদামাঠে খেলে অভ্যস্ত না। বৃষ্টিতে মাঠ ভারী হওয়ায় ওরা ঠিকমতো খেলতে পারেনি। সেই সঙ্গে বয়সের কারণে মাত্র ১২ জন নিয়ে খেলতে হয়েছে। কোনো বদলি নামানোর সুযোগ ছিল না।’ নারায়ণগঞ্জের কোচ মোহাম্মদ সুজন কৃতিত্ব দিলেন খেলোয়াড়দেরই, ‘সব কৃতিত্ব এই ছেলেদের। স্কুল ফুটবলের জন্য ওদের কঠোর অনুশীলন করিয়েছি, আজ এই পরিশ্রমের ফল পেলাম।’চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জ রাবেয়া হোসেন উচ্চবিদ্যালয় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের হাত থেকে পুরস্কার নিল ১০ লাখ টাকা। রানার্সআপ কাটিরহাট ৫ লাখ। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন নারায়ণগঞ্জের মোহাম্মদ রাব্বি।