স্কুল ফুটবলে ১০ হাজার বল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগেই জানানো হয়েছিল, এবারের জাতীয় স্কুল ফুটবলে ১০ হাজার বল উপহার দেবে প্লান বাংলাদেশ। কাল বাফুফে ভবনে সংবাদ সম্মেলন করে সেই কার্যক্রম শুরু করা হয়েছে। এরই অংশ হিসেবে এদিন প্লান বাংলাদেশের পক্ষ থেকে একটি বল তুলে দেওয়া হয়েছে আয়োজক স্কুল ফুটবল কমিটির কাছে।প্লান বাংলাদেশ ৫০টি দেশের শিশু, তাদের পরিবার ও সমাজ নিয়ে কাজ করে। প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর জাহিদ হোসেন জানিয়েছেন, ‘চীনে ১০ হাজার বল তৈরির কার্যাদেশ দেওয়া হয়েছে। শিগগিরই সব বল চলে আসবে।’ প্রতিযোগিতার নাম ‘জাতীয় স্কুল ফুটবল ইসলামী ব্যাংক টুর্নামেন্ট’। পাঁচ কোটি টাকা দেওয়া টাইটেল স্পনসরের নাম আগেই দেওয়ার কথা, কিন্তু এখানে হলো উল্টো। সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে স্কুল ফুটবল কমিটির কো-চেয়ারম্যান শেখ মোহাম্মদ আসলাম এর ব্যাখ্যা দিয়েছেন, ‘টুর্নামেন্টটিতে শিক্ষা মন্ত্রণালয় যুক্ত আছে। তাই স্পনসরের নাম পরে দেওয়া হয়েছে।’আগামীকাল ঢাকা মহানগরের খেলা দিয়ে শুরু হবে জাতীয় স্কুল ফুটবল। খেলছে প্রায় পাঁচ হাজার স্কুলের এক লাখের মতো স্কুলছাত্র। বাফুফের সহসভাপতি বাদল রায় এর সাফল্য কামনা করলেন। জাতীয় স্কুল ফুটবল কমিটির প্রধান এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান মাহফুজুর রহমান খুবই উচ্ছ্বসিত, ‘বিশ্বের কোনো ফুটবল আয়োজনে ১০ হাজার বল নামানো হয়েছে বলে জানা নেই। সে দিক থেকে এটা রেকর্ডই।’