স্কুল ফুটবলের মহা আয়োজন
আগামীর ফুটবলার গড়ে তুলতে স্কুল ফুটবলের বিকল্প নেই। একটা সময় নিয়মিত স্কুল ফুটবল হলেও কয়েক বছর আগে তা চলে যায় হিমাগারে। তবে আস্তে আস্তে এই টুর্নামেন্টের ওপর মনোযোগ বাড়ছে বাফুফের। এরই অংশ হিসেবে ঢাকা মহানগর স্কুল ফুটবল হয়েছে। এবার সারা দেশে স্কুল ফুটবলের এক বিশাল আয়োজন করতে যাচ্ছে বাফুফে ও শিক্ষা মন্ত্রণালয়।আগামীকাল শিক্ষা মন্ত্রণালয়ে বাফুফে ও মন্ত্রণালয় জাতীয় স্কুল ফুটবল নিয়ে সমঝোতা স্মারক সই করবে। উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী। এই ধাপটা পেরোনোর পরই শুরু হবে খেলা শুরুর প্রক্রিয়া। খেলার সময়সূচি ঠিক হয়নি। আগামী মাসের শেষ দিকে সারা দেশে উপজেলা পর্যায়ে শুরু হতে পারে।জাতীয় স্কুল চ্যাম্পিয়নশিপের এই আয়োজনের একটা খসড়া প্রস্তাবনা কয়েক দিন আগে বাফুফেকে পাঠিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। এতে রয়েছে, এই আয়োজনে সব ধরনের অবকাঠামো ব্যবহারের অনুমতি পাবে বাফুফে। প্রতিটি উপজেলার শিক্ষা কর্মকর্তাকে নিয়ে স্থানীয় পর্যায়ে কমিটি করা হবে।ঠিক হয়েছে, প্রতিটি উপজেলা থেকে ১০টি করে স্কুল এই প্রতিযোগিতায় অংশ নেবে, যা বাধ্যতামূলক। উপজেলা সদরে প্রতিযোগিতা হবে দুই দিনব্যাপী। এই উ ৎ সব থেকে দুটি অথবা একান্তই সম্ভব না হলে একটি করে দল জেলা পর্যায়ে আসবে। এই পর্যায়ে একটা টুর্নামেন্ট থাকছে। প্রতি জেলা থেকে দুটি করে দল আসবে বিভাগীয় পর্যায়ে। এভাবে সাতটি বিভাগ থেকে ১৪টি দল নিয়ে হবে চূড়ান্ত পর্ব। বাফুফের আগের কমিটির সময়ও দেশব্যাপী একবার স্কুল ফুটবল হয়েছিল। তবে তার কলেবর এমন বড় ছিল না। তাই প্রথম আয়োজনের চূড়ান্ত পর্বটা ঢাকায় হতে পারে, নইলে কোনো বড় বিভাগীয় শহরে।বাফুফের স্কুল কমিটি এর সার্বিক তত্ত্বাবধান করছে। নেতৃত্বে আছেন কমিটির প্রধান বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান। কমিটির ডেপুটি চেয়ারম্যান সাবেক তারকা ফুটবলার ও বাফুফের সদস্য শেখ মোহাম্মদ আসলাম জানাচ্ছেন, ‘৪৮০টি উপজেলায় ১০টি করে দল, প্রতিটি দলে ১৫ থেকে ২০ জন খেলোয়াড় হলে ৯০ হাজার থেকে এক লাখ ফুটবলারের টুর্নামেন্ট এটি। সফল হলে এটি বাংলাদেশের ফুটবলের জন্য হবে বিশাল এক ঘটনা।’জানা গেছে, উপজেলা পর্যায়ে দলগুলোর অংশগ্রহণ নিশ্চিত করবে শিক্ষা মন্ত্রণালয়। এ কারণে বাফুফে মনে করছে, ওয়াকওভার থাকবে না। গোটা আয়োজনের খরচ প্রাথমিকভাবে সাড়ে চার কোটি টাকা ধরা হয়েছে। পৃষ্ঠপোষক হিসেবে আশিয়ান সিটির সঙ্গে আলোচনা চলছে, এখন পর্যন্ত সবকিছুই ইতিবাচক। যদি আশিয়ান সিটি পৃষ্ঠপোষণা করে, তাহলে তারা বাজেটের একটা অংশ দেবে। কিছু টাকা দেবে শিক্ষা মন্ত্রণালয়। চ্যাম্পিয়ন দল ১০ লাখ আর রানার্সআপ দল পাঁচ লাখ টাকা পেতে পারে। বাফুফের কোচরা প্রতিভা বাছাই করবেন এই টুর্নামেন্ট থেকে (অন্তত হাজার খানেক ফুটবলার)। পরবর্তী সময়ে এদের পরিচর্যা করে যদি মাত্র কয়েকজন খেলোয়াড়ও জাতীয় পর্যায়ের মূলস্রোতে তুলে আনা যায়, সেটিই হবে টুর্নামেন্টের বড় সার্থকতা।