স্কুল রাগবিতে সেরা ক্যামব্রিজ হাইস্কুল
ভিআইপি গ্যালারির দুই দিকে বসা দুই দলের স্কুলছাত্ররা। বল নিয়ে একবার কেউ গোলবারের কাছাকাছি গেলেই কান ফাটানো চিৎকার। কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে কুলাইন এসি স্কুল রাগবির ফাইনালটা উপভোগ্য করে তুলেছিল ক্যামব্রিজ ও মাদারটেক আবদুল আজিজ স্কুলের ছেলেরা। শেষ পর্যন্ত জয়ের হাসি হাসল ক্যামব্রিজ স্কুল। কাল তারা ৫-০ পয়েন্টে মাদারটেক আবদুল আজিজ স্কুলকে হারিয়ে হলো চ্যাম্পিয়ন। প্রথমার্ধে কোনো দলই পয়েন্ট নিতে পারেনি। খেলা শেষের মিনিট চারেক আগে ক্যামব্রিজ পায় ৫ পয়েন্ট। ওটাই গড়ে দেয় ম্যাচের ভাগ্য। সেরা খেলোয়াড় মাদারটেক আবদুল আজিজ স্কুলের রাকিব হাসান।কাল কমলাপুর মাঠ ছিল খুবই খারাপ। কাদামাটির মাঠে খেলতে গিয়ে চোট পেয়েছে অনেকেই। ক্যামব্রিজের সুরেনের হাঁটু কেটে রক্ত বের হলেও প্রাথমিক চিকিৎসাসেবার ব্যবস্থা ছিল না। এসব অব্যবস্থাপনাকে এড়িয়ে রাগবিকে জনপ্রিয় করে তুলতেই আগ্রহী কর্মকর্তারা। অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক সাঈদ আহমেদ বললেন, ‘আমরা তাকাচ্ছি সামনের দিকে। আগামী মাসে মিনি স্কুল রাগবির পর জাতীয় চ্যাম্পিয়নশিপ ও প্রথম বিভাগও আয়োজন করা হবে। রাগবিকে জনপ্রিয় করে তুলতে পার্বত্য চট্টগ্রামে করা হবে রাগবি ফেস্টিভেল।’