স্কুল হকিতে মারামারি
হকি মাঠে মারামারির সংস্কৃতি প্রায় ভুলতেই বসেছিল ক্রীড়াঙ্গন। কিন্তু এবারের জাতীয় স্কুল হকিতে আবার ফিরে এসেছে সেই বাজে সংস্কৃতিটা। গত পরশু মওলানা ভাসানী স্টেডিয়ামে চূড়ান্ত পর্বের খেলা চলছিল পুরান ঢাকার নবাব হাবিব উল্লাহ উচ্চবিদ্যালয় ও কুমিল্লার রফিকউদ্দিন উচ্চবিদ্যালয়ের মধ্যে। খেলা শেষ হওয়ার মিনিট পাঁচেক আগে খেলোয়াড়দের মধ্যে কথা-কাটাকাটির জেরে মাঠে তুমুল গন্ডগোল শুরু হয়। এ সময় হাবিব উল্লাহ স্কুলের এক খেলোয়াড়ের হকিস্টিকের আঘাতে হাসপাতালে যেতে হয় কুমিল্লার স্কুলটির মিডফিল্ডার তোফায়েল হোসেনকে। পায়ের হাড় ফেটে গেছে তার।
এ ঘটনায় নবাব হাবিবউল্লাহ স্কুলকে পাঁচ বছরের জন্য স্কুল হকি থেকে বহিষ্কার করেছে হকি ফেডারেশন। এ ছাড়া ওই দলের ম্যানেজার খাজা ওয়াসিমকে দেড় লাখ টাকা আর্থিক জরিমানা করার পাশাপাশি ঘরোয়া হকি থেকে বহিষ্কার করা হয়েছে আজীবনের জন্য। ম্যাচে রফিকউদ্দিন উচ্চবিদ্যালয় ২-১ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে।