স্কুল হকিতে সেরা রাজশাহী

কোচ বাপ্পীকে ম্যাচ শেষে মাথায় তুলে নাচল খেলোয়াড়েরা। স্কুলের পতাকা নিয়ে ঘুরল সারা মাঠ। এই আনন্দের হিল্লোলে যোগ দিল
রাজশাহী থেকে খেলা দেখতে আসা কিছু সমর্থক। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকিতে চ্যাম্পিয়ন রাজশাহীর আল
হিকমা মুসলিম একাডেমি। ফাইনালে কাল যশোরের মিউনিসিপ্যাল প্রিপারেটরি স্কুলের বিপক্ষে মুসলিম একাডেমির জয় ২-১ গোলে।
ফরিদপুরের পরই হকির উর্বরভূমি রাজশাহী। সেই রাজশাহী থেকে আসা দলটি ফেবারিটের মতোই খেলেছে টুর্নামেন্টে। জাতীয় দলের
খেলোয়াড় কৃষ্ণা কুমারদের খেলা দেখে বড় হওয়া খেলোয়াড়েরা স্কুল টুর্নামেন্টে এর আগেও সাফল্য দেখিয়েছে। এ বছর শীতকালীন আন্তস্কুল
ও মাদ্রাসা ক্রীড়ায় চ্যাম্পিয়ন হয়েছে ওরা। সেই অভিজ্ঞতার ছাপ কাল মাঠেও থাকল। পিছিয়ে পড়েও দারুণভাবে ফিরে এল ম্যাচে।
২২ মিনিটে সুইটের গোলে এগিয়ে যায় যশোরের স্কুল। ২৪ মিনিটেই খেলায় ফেরে রাজশাহী, আহসান হাবিবের হিট থেকে দুর্দান্ত এক ফ্লিকে
১-১ করে আবু সাইদ। আর ৪৫ মিনিটে জয় নিশ্চিত করা গোলটি আহসান হাবিবের।
যশোর মিউনিসিপ্যাল স্কুলের বেশির ভাগ খেলোয়াড়ই প্রথম হকিস্টিক হাতে তুলেছে। তার পরও ওরা ফাইনাল পর্যন্ত এসেছে, তাতেই খুশি
কোচ জসীম উদ্দিন, ‘আমাদের ছেলেরা অভিজ্ঞতার কাছে হেরেছে। তবে হারলেও খুশি। ফাইনালে ওঠাই আমাদের বড় অর্জন।’