স্কুল হকির উদ্বোধনে এফআইএইচের প্রধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শৈশব দুরন্ত হকিতে আনন্দ, আনন্দে খেলি হকি খেলা; স্বপ্নটা জীবন্ত বিজয়ী হবই তো, সেই আশায় থাকি সারা বেলা।’ স্কুল হকির এই থিম সংয়ের সুরে একদল খুদে খেলোয়াড় নামল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে।
হাতে হকিস্টিক। চোখে স্বপ্ন। এই ভিডিও ক্লিপিংস কাল দেখানো হলো বিমানবাহিনীর ফ্যালকন হলের বড় পর্দায়। আগামী ১ ফেব্রুয়ারি সারা দেশে শুরু হবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকি। খেলোয়াড়দের উৎসাহবর্ধক এই থিম সংয়ের শিল্পী এস আই টুটুল, খুদে গানরাজ বিজয়ী নাবিল চৌধুরী, নোবেল চৌধুরী ও অমি। থিম সংয়ের পাশাপাশি কাল টুর্নামেন্টের লোগোও উন্মোচন করা হয়।
স্কুল হকি টুর্নামেন্ট উদ্বোধনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে আন্তর্জাতিক হকি ফেডারেশনের (এফআইএইচ) সভাপতি লিয়ান্দ্রো নেগ্রেকে। সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারিতে আবারও ঢাকায় আসছেন হকির সর্বোচ্চ সংস্থার প্রধান।
সারা দেশের ১০টি ভেন্যু—ঢাকা, মাদারীপুর, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, বরিশাল, যশোর, রাজশাহী ও দিনাজপুরে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ১০২টি স্কুল। সারা দেশে হকি ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই এমন আয়োজন—বললেন ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ, ‘এই প্রথম দেশব্যাপী এমন আয়োজন করতে যাচ্ছি। অতীতে এটি ২০-২৫টি স্কুলকে নিয়ে হতো। এখান থেকে বেছে নেওয়া হবে সেরা কিছু খেলোয়াড়। ২০২২ সালের বিশ্বকাপ সামনে রেখে এগিয়ে যেতে চাই আমরা।’ স্কুল হকি কমিটি ও এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান বললেন, ‘ফুটবলে আমি স্বাধীনভাবে কাজ করতে পারিনি। কিন্তু হকি ফেডারেশন আমাকে সেই সুযোগ দিয়েছে। এখান থেকে বাছাই করা খেলোয়াড়দের প্রয়োজনে দেশের বাইরে ট্রেনিংয়ের সুযোগ করে দেব।’ লোগো উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হকি ফেডারেশনের সভাপতি এয়ার মার্শাল ইনামুল বারী, পৃষ্ঠপোষক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ এ এম জাকারিয়া।