স্কুল হকির জন্য দুই কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হকির সাম্প্রতিক সাফল্যে স্পনসর আসছে। কিছুদিন আগে জাতীয় হকি দলের জন্য প্রায় এক কোটি টাকার স্পনসরশিপ নিয়ে এগিয়ে এসেছিল জনতা ব্যাংক। কাল এল আরও দুই কোটি টাকা। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় স্কুল হকি আয়োজনের জন্য এই টাকা হকি ফেডারেশনকে দিচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। এ উপলক্ষে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) মিলনায়তনে চুক্তি স্বাক্ষর হলো। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ এ এম জাকারিয়া চুক্তিতে সই করেন তাঁর প্রতিষ্ঠানের পক্ষে। কিন্তু এর সঙ্গে ঢুকে পড়েছে বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলা। তাই এটিকে বলা হলো ত্রিপক্ষীয় চুক্তি।

এটিএন বাংলা হকি ফেডারেশনের মিডিয়া পার্টনার। তাদের কাজ খেলা সম্প্রচার করা। কিন্তু এই চুক্তির অংশ তারা হবে কেন? সংবাদ সম্মেলনে এটা নিয়ে প্রশ্ন উঠলে হকি ফেডারেশনের অন্তর্বর্তীকালীন সাধারণ সম্পাদক শাফায়াত হোসেন তাঁর পাশে বসা এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে দেখিয়ে বলেন, ‘তাঁর সহযোগিতায় এই স্পনসর পেয়েছি আমরা। তাই এই চুক্তির অংশীদার এটিএন বাংলা।’

পরপরই মাইক্রোফোন নিয়ে মাহফুজুর রহমানের ব্যাখ্যা, ‘আমি হকি ফেডারেশনের স্কুল কমিটির চেয়ারম্যান।’ সেই সূত্রে সংবাদ সম্মেলনে মাহফুজুর রহমান থাকতেই পারেন। কিন্তু এটিএন বাংলা এই চুক্তির অংশীদার হয় কীভাবে, এটির সঙ্গে ওঠে আরেকটি সম্পূরক প্রশ্নও—তাহলে কি ফুটবলের মতো এটিএন বাংলা এই টুর্নামেন্ট থেকে ‘মিডিয়া খরচ’ নেবে?

প্রশ্নটা ওঠার কারণ, মাহফুজুর রহমান বাফুফের গত স্কুল কমিটির চেয়ারম্যান থাকার সময় স্কুল ফুটবল আয়োজনে এটিএন বাংলা প্রায় ৯০ লাখ টাকা ‘মিডিয়া খরচ’ দেখিয়ে নিয়েছে, এমন তথ্য দিয়েছেন বাফুফের শীর্ষ এক কর্মকর্তা। এ ব্যাপারে প্রশ্ন করা হলে মাহফুজুর রহমানের উত্তর, ‘স্কুল ফুটবলের জন্য পাঁচ কোটি টাকার স্পনসর এনেছিলাম। টুর্নামেন্ট আয়োজনে সাড়ে তিন কোটি টাকা খরচ হয়েছে, এক কোটি টাকা রেখে এসেছি।’ তাঁর দাবি, ‘এটিএন বাংলা বিনা মূল্যে খেলা দেখিয়েছে। হকিতেও তাই হবে। ফুটবলে ওই টাকাটা নিয়েছে অন্য কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি।’ সেই প্রতিষ্ঠান বা ব্যক্তির নাম জানতে চাইলে তিনি বলেন, ‘নাম বলা যাবে না, নিষেধ আছে।’