স্কুল হকির বিশাল আয়োজন
এর আগে ঢাকা মহানগর স্কুল হকি করলেও দেশব্যাপী কখনো জাতীয় স্কুল টুর্নামেন্ট করতে পারেনি হকি ফেডারেশন। এই প্রথম স্কুল হকির আয়োজন হচ্ছে দেশজুড়ে। আজ মওলানা ভাসানী স্টেডিয়ামে জাতীয় স্কুল হকির সাড়ম্বর উদ্বোধন হবে আন্তর্জাতিক হকি ফেডারেশনের সভাপতি লিয়ান্দ্রো নেগ্রের হাত দিয়ে। গতকালই ঢাকা এসেছেন নেগ্রে।
এবারের স্কুল হকির বিশেষত্ব, ৬৪টি জেলার স্কুলই খেলছে টুর্নামেন্টে। মোট স্কুল ১০২টি। ঢাকাসহ ভেন্যু ১০টি। ঢাকার বাইরে ভেন্যু মাদারীপুর, ময়মনসিংহ, রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, যশোর, কুমিল্লা, দিনাজপুর। আজ ঢাকায় উদ্বোধন হলেও প্রিমিয়ার লিগ শেষে ১১ ফেব্রুয়ারি মওলানা ভাসানী স্টেডিয়ামে শুরু হবে ঢাকার খেলা। তবে ৬ ফেব্রুয়ারি শুরু হয়ে যাবে ঢাকার বাইরে। ২৯ ফেব্রুয়ারি-৭ মার্চ ২৯টি দল নিয়ে ঢাকায় হবে চূড়ান্ত পর্ব।
আজ বেলা পৌনে তিনটায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। ৫৬০ জন স্কুলছাত্রীর ডিসপ্লে থাকছে। টুর্নামেন্টের থিম সং ‘শৈশব দুরন্ত, হকিতে আনন্দ’ পরিবেশন করবেন শিল্পী এস আই টুটুল। ফার্স্ব সিকিউরিটি ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষণায় টুর্নামেন্টের বাজেট দুই কোটি টাকা। স্কুল হকি তো বটেই, ঘরোয়া কোনো আয়োজনেই এটি সর্বোচ্চ বাজেট। প্রতিটি স্কুলকে ১৬টি স্টিক ও নয়টি করে বল দিয়েছে আয়োজক হকি ফেডারেশন।