স্কুল হকির সেরা কসবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুদলেরই ঐতিহ্য আছে—হকির সূতিকাগার বলা হয় পুরান ঢাকার আরমানিটোলা সরকারি স্কুলকে। আবার রাজশাহীর কসবা হাইস্কুলেরও সুনাম আছে স্থানীয় পর্যায়ে। এক্সট্যাসি জাতীয় স্কুল হকির ফাইনালে এই দুদলের লড়াইটা যে উপভোগ্যই হবে সেটাও অনুমেয় ছিল। কিন্তু আগের ম্যাচগুলোতে খেলে আসা আরমানিটোলা স্কুলের ছায়াও খুঁজে পাওয়া গেল না কাল ফাইনালে। মওলানা ভাসানী স্টেডিয়ামের ফাইনালে তাদের ২-১ গোলে হারিয়ে তৃতীয়বারের মতো স্কুল-সেরা হলো রাজশাহী কসবা স্কুল। সর্বশেষ স্কুল হকিতে (২০০৩ সালে) চ্যাম্পিয়ন ছিল আরমানিটোলা স্কুল।স্টেডিয়ামের ভিআইপি গ্যালারি সারাক্ষণই মাতিয়ে রেখেছিল পুরান ঢাকার স্কুলের ছাত্ররা। এসেছিল আহমেদ বাওয়ানি একাডেমির শ-খানেক ছাত্রও। শেষ পর্যন্ত একরাশ হতাশা নিয়েই ফিরেছে তারা। ম্যাচের ৪১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে (১-০) কসবাকে আনন্দের উপলক্ষ এনে দেয় মাহবুবুল। ৪৫ মিনিটে পাল্টা আক্রমণ থেকে গোল করে আরমানিটোলার রায়হান (১-১)। ৬১ মিনিটে গোল করে রাজশাহীর জয়ের নায়ক হয়েছে ওই মাহবুবুল (২-১)। শেষ মুহূর্তে গোল শোধের মরিয়া চেষ্টা করেও গোল পায়নি আরমানিটোলা। ফাইনালে হেরে মন খারাপ আরমানিটোলা স্কুলের ছেলেদের, বিষণ্ন কোচ ওস্তাদ ফজলুও।জাতীয় দলের খেলোয়াড় কৃষ্ণ কুমার প্রথমবারের মতো কসবার কোচ হয়েই দলকে চ্যাম্পিয়ন করলেন। দারুণ খুশি কৃষ্ণ, ‘আমি ছেলেদের নিয়ে অনেক পরিশ্রম করেছি। সেটার ফল পেলাম।’ জাতীয় দলের কোচ গেরহার্ড পিটারও স্কুলের ছেলেদের ফাইনাল দেখে উচ্ছ্বসিত, ‘দুদলেরই চার-পাঁচজন ভালো খেলোয়াড় আছে। এদের একটু পরিচর্যা করলে ওরা ভবিষ্যতে ভালোই করবে। তবে হকির জন্য লম্বা খেলোয়াড় প্রয়োজন, যেটার অভাব আছে। লম্বা খেলোয়াড় না হলে গতির সঙ্গে পাল্লা দিয়ে খেলতে পারবে না ওরা।’গেরহার্ড বললেন পরিচর্যার কথা। কিন্তু পরিচর্যাটা করবে কে? স্কুল হকিই তো হয় না। ছয় বছর পর হলো এবার। কে বলতে পারে পরের টুর্নামেন্টটি ১২ বছর পর হবে না!