স্কুলছাত্ররাও ঢুকবে বিশ্বকাপের মাঠে
‘জিতবে এবার জিতবে ক্রিকেট...’ গানের সঙ্গে নাচতে মঞ্চে উঠে এল ক্রিকেট বিশ্বকাপের মাসকট ‘স্টাম্পি’। গানের তালে নাচতে শুরু করল মিরপুর বাংলা উচ্চবিদ্যালয় ও কলেজের তন্দ্রা, কাশ্মীররা। বিশ্বকাপের উন্মাদনা স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে দিতে কাল শুরু হয়ে গেল ‘আইসিসি স্কুল কন্টাক্ট প্রোগ্রাম’। বিশ্বকাপের দুই ভেন্যু ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন স্কুলে কাল শুরু হয়েছে এই যোগাযোগমূলক কর্মসূচি। এর মাধ্যমে বেছে নেওয়া হবে সেসব স্কুলছাত্রদের, যারা প্রতি ম্যাচের দুটি দলের জাতীয় পতাকা ও আইসিসির পতাকা নিয়ে খেলোয়াড়দের সঙ্গে ঢুকবে মাঠে।ঢাকা ও চট্টগ্রামের ৪০টি স্কুলে চলবে এই বাছাই কার্যক্রম। পরে প্রতিটি শহর থেকে লটারির মাধ্যমে ১৬টি স্কুল বেছে নিয়ে শুরু হবে ‘মিনি বিশ্বকাপ’ ক্রিকেট। আগামী ৫ ফেব্রুয়ারি এইট-এ-সাইড এই টুর্নামেন্ট ঢাকায় শুরু হবে ধানমন্ডি ক্রিকেট মাঠে। চট্টগ্রামে এমএ আজিজ স্টেডিয়ামে শুরু ১১ ফেব্রুয়ারি। ঢাকা-চট্টগ্রামে অনুষ্ঠেয় টুর্নামেন্টের ফাইনালের দুই দলের ২৬ জন খেলোয়াড় পাবে বিশ্বকাপের মাঠে ঢোকার সুবর্ণ সুযোগ।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই আয়োজনের সঙ্গে মিশেছে ইউনিসেফের মরণব্যাধি এইডসবিষয়ক সচেতনতা সৃষ্টির প্রয়াস। ক্রিকেট খেলার পাশাপাশি এইডস বিষয়েও ছাত্রছাত্রীদের সচেতন করে তোলা হচ্ছে। কাল যেটি শুরু হলো মিরপুর বাংলা উচ্চবিদ্যালয় ও কলেজ থেকে। স্থানীয় আয়োজক কমিটির টুর্নামেন্ট পরিচালক আলী আহসান কর্মসূচি উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরপুর বাংলা উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বদরুদ্দিন হাওলাদার, ইউনিসেফের প্রতিনিধি ইমতিয়াজ আহমেদ।