স্কুলে স্কুলে ‘লারা উৎসব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাজ সাজ রব টের পাওয়া যাচ্ছিল কাছাকাছি যেতেই। রাস্তার দুই পাশে প্রস্তুত সুসজ্জিত ব্যান্ড পার্টি। মূল গেট থেকে রাস্তার দুই পাশে নানা রঙের পতাকা। দুই পাশে দাঁড়িয়ে বিএনসিসির সদস্যরা। মাঠের মাঝে স্কাউটদের দল, একপাশে মঞ্চ। সারা বছর অবহেলায় থাকা মাঠটি যতটা সম্ভব পরিষ্কার করা হয়েছে যত্ন করে। হুট করে দেখলে মনে হবে, উত্তর কাট্টলি আলহাজ মোস্তফা-হাকিম উচ্চবিদ্যালয় ও ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়ার দিন। আসল উপলক্ষটা আরও অনেক বড়। বার্ষিক ক্রীড়ার দিন তো প্রতিবছরই একবার করে আসে। ব্রায়ান লারাকে কাছ থেকে দেখা ও কথা শোনার সুযোগ তো একজীবনেও মেলে না!চিটাগং কিংসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাল গিয়েছিলেন চট্টগ্রামের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে। মোস্তফা-হাকিম উচ্চবিদ্যালয় ও ডিগ্রি কলেজ দিয়েই শুরু। ব্যান্ড পার্টির বাজনার বাদ্যে অভ্যর্থনা, বাবার নামে প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানে লারাকে স্বাগত জানান চট্টগ্রামের মেয়র মন্জুর আলম। বারান্দা, জানালা আর ছাদ থেকে ‘লারা, লারা’ চিৎকার। তখনো পর্যন্ত সাজানো-গোছানো আয়োজনটা এরপর হঠাৎই যেন খানিকটা এলোমেলো। লারা মঞ্চে ওঠার পরই ক্যামেরাম্যানদের ভিড় আর মুঠোফোনে ছবি তোলার প্রতিযোগিতা। আগত অতিথি আর স্কুলের শিক্ষকেরা যেন খেই হারিয়ে ফেললেন এত বড় তারকাকে নিজেদের মাঝে পেয়ে। যাদের উদ্দেশ্য করে লারার স্কুলভ্রমণ, সেই ছাত্রছাত্রীরাই তার কাছাকাছি যাওয়ার সুযোগ পেল কম। ফুল ও ক্রেস্ট প্রদান, ব্যাটে অটোগ্রাফ নেওয়ার পর্ব চলল ধুলোর ঝড়ে। লারা অবশ্য হাসিমুখেই সহ্য করলেন ভালোবাসার যন্ত্রণা। মিনিট দুয়েকের বক্তৃতা পর্বে শিক্ষার্থীদের পরামর্শ দিলেন অলরাউন্ডার হয়ে ওঠার, ‘তোমাদের মূল কাজ পড়াশোনা করা, তবে খেলাধুলাও করতে হবে। হয়তো আমি এখন অনেক ভবিষ্যৎ ক্রিকেটারের সামনে কথা বলছি! আর শুধু ভালো ছাত্র বা ভালো খেলোয়াড়ই নয়, ভালো মানুষ হয়ে উঠতে হবে।’হঠাৎ একদিন ক্লাস না হওয়া স্কুল-কলেজে প্রায় ঈদের খুশি বয়ে আনে। আর সেই ক্লাস না হওয়া যদি হয় লারার মতো স্বপ্নের নায়কের আগমনের কারণে! তবে উচ্ছ্বাসের বন্যার মাঝে কিছুটা আক্ষেপও শোনা গেল মোস্তফা-হাকিম উচ্চবিদ্যালয় ও ডিগ্রি কলেজের আঙিনাজুড়ে। শিক্ষক মিলনায়তনে নাশতার পর্বটা হয়ে উঠল লারার সঙ্গে শিক্ষকদের অটোগ্রাফ নেওয়া আর ছবি তোলার প্রতিযোগিতা। কক্ষের বারান্দা আর জানালায় উৎসুক চোখের ভিড়। প্রথম বর্ষের ছাত্র শহীদ-নাসিরদের আক্ষেপ, ‘লারাকে এত কাছে থেকে দেখলাম, কিন্তু অটোগ্রাফ নিতে পারলাম না, ছবি তুলতে পারলাম না।’অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয় ও কৃষ্ণকুমারী সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ে অবশ্য এই আক্ষেপ কম শোনা গেছে। অটোগ্রাফ নেওয়ার সুযোগ সেখানে যথেষ্টই মিলেছে। তবে অটোগ্রাফ মিলুক আর না মিলুক, দিনটি স্মরণীয় হয়ে থাকবে তিন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের জন্যই।