স্কুলের জন্য বিনা মূল্যে এফআইএইচের টার্ফ
আন্তর্জাতিক হকি ফেডারেশনের (এফআইএইচ) মাধ্যমে বাংলাদেশ একটি নতুন টার্ফ তো পাচ্ছেই, উপরি পাওনা ছোট একটি
টার্ফও। ৪০ বাই ৪০ মিটারের এই টার্ফ ঢাকার একটি স্কুলে বসানোর পরিকল্পনা হকি ফেডারেশনের।
এফআইএইচের সভাপতি লিয়ান্দ্রো নেগ্রে এ ব্যাপারে সার্বিক সহায়তা করছেন। এক বছরের মধ্যে তাঁর দ্বিতীয়বার ঢাকা সফর বাংলাদেশের হকির উন্নয়নে বড় একটা সুযোগ হয়ে এসেছে।
বিওএ ভবনে কাল আয়োজিত সংবাদ সম্মেলনে নেগ্রে জানিয়েছেন, ‘আমরা বিনা মূল্যে ছোট একটি টার্ফ দেব বাংলাদেশকে। একই সঙ্গে মূল টার্ফের ব্যাপারে বাংলাদেশ হকি ফেডারেশনের সঙ্গে একটা সমঝোতা স্মারক সই করব কিছুদিনের মধ্যে। আশা করছি, মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সেটি বসিয়ে সেপ্টেম্বরে উদ্বোধন করতে পারব।’
বলা প্রয়োজন, টার্ফের ৫০ শতাংশ টাকা দেবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি), ২৫-২৫ করে এফআইএইচ ও বাংলাদেশ। টার্ফের দাম হতে পারে চার কোটি টাকা, তবে যতটা সম্ভব আরও কম মূল্যে আনার চেষ্টা চলছে। এ ব্যাপারে সংবাদ সম্মেলনের মঞ্চে বসেই সহায়তার আশ্বাস দিয়েছেন নেগ্রের সঙ্গে ঢাকায় আসা অস্ট্রেলিয়ার নামী টার্ফ প্রস্তুতকারী সংস্থা এসটিআইর (স্পোর্টস টেকনোলজি ইন্টারন্যাশনাল) প্রধান নির্বাহী স্টিভেন নিভেন।
নিভেনকে পাশে বসিয়ে নেগ্রে বারবারই বলছিলেন, ‘আমরা বাংলাদেশের হকির অবকাঠামো উন্নয়নে সম্ভব সব সহায়তা দেব।’ তারই অংশ হিসেবে মওলানা ভাসানী স্টেডিয়ামে বসানো হবে ফ্লাডলাইট। যুক্তরাষ্ট্রের মস্কো লাইট কোম্পানির ফ্লাডলাইটও যতটা সম্ভব কম মূল্যে আনতে চেষ্টা করা হবে—বললেন নেগ্রে।
নতুন টার্ফ-ফ্লাডলাইট পাওয়ার আগেই নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ খুশি করলেন নেগ্রেকে, ‘আমরা ২০২২ বিশ্বকাপে খেলতে চাই। সেই লক্ষ্যেই কাজ শুরু করেছি।’
ক্রিকেটে ‘তিন জমিদার’ আইসিসিকে কুক্ষিগত করার চেষ্টা করছে, হকিতে কি তেমন শঙ্কা আছে? প্রশ্নটা শুনে বার্সেলোনা বাসিন্দা নেগ্রের সাফ জবাব, ‘হকিতে এমন কিছু হওয়ার কোনো সম্ভাবনা নেই। ও রকম কিছু এফআইএইচ কখনোই মানবে না।’