স্কোয়াশ-কাবাডি-হ্যান্ডবলে তিন রকম লক্ষ্য
শুরু থেকেই স্কোয়াশ ভুগছে জটিলতায়। সেটি থেকে বের হতেই পারল না এই ফেডারেশন। দক্ষিণ এশীয় গেমসের ধারাবাহিক দল ঘোষণা পর্বে কাল এটা নিয়ে বেশ আক্ষেপ করলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হামিদ সোহেল। রাজশাহীতে স্কোয়াশ ভেন্যু হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তের সিদ্ধান্তে সেটি হচ্ছে ঢাকা ক্লাবে।নিজেদের একটা কোর্ট নেই, প্র্যাকটিসও করতে হয় ঢাকা ক্লাবে। নানা প্রতিকূলতা মাড়িয়ে নিজেদের প্রত্যাশার সীমাটা ব্রোঞ্জেই বেঁধে রেখেছে তারা। এর আগে ২০০৪ ইসলামাবাদ সাফে খালি হাতে ফিরেছিল স্কোয়াশ দল। তবে গত আসরে শ্রীলঙ্কা থেকে জিতে এনেছে ব্রোঞ্জ। এবার কি ওই সাফল্য ধরে রাখা যাবে?দেশসেরা খেলোয়াড় ভোলা লালকে বাদ দেওয়ায় দলটি তো দুর্বলই হলো! দলটি গড়ে তোলা হয়েছে স্বপন পারভেজ, মাসুদ রানা, রাজন কুমার ও শহীদুল ইসলামকে নিয়ে। ভোলা লাল বাদ কেন? প্রশ্ন করতেই মার্কিন কোচ উইল মেইথ্যার জানালেন, ‘ভোলা একজন প্রকৃতিদত্ত প্রতিভা। কিন্তু ওর মধ্যে কমিটমেন্টের বড্ড অভাব। কাউকে না বলে ও অনুশীলনে অনুপস্থিত ছিল এক নাগাড়ে ১৫ দিন। এমন খেলোয়াড়কে তো দলে রাখা যায় না।’ তবে দলে যাঁরা আছেন তাঁদের ওপর বেশ ভরসা তাঁর, ‘আমরা জানি ভারত-পাকিস্তান বিশ্বমানের স্কোয়াশ খেলে। তাদের সঙ্গে লড়াই করে সোনা জেতা কঠিন। তবে এদের সঙ্গে খেলার সুযোগটা কাজে লাগাতে হবে আমাদের। প্রস্তুতি নিয়ে আমি খুশি। আমাদের খেলোয়াড়দের খাটো করে দেখার সুযোগ নেই।’প্রস্তুতি যা হয়েছে সেটাতে মোটামুটি সন্তুষ্ট স্কোয়াশ ফেডারেশন। গতকাল স্কোয়াশ দল কলকাতা গেছে প্রীতি ম্যাচ খেলতে। ইচ্ছা—কলকাতার র্যাকেটস ক্লাব এবং স্যাটারডে ক্লাবের সঙ্গে খেলে শেষ মুহূর্তে নিজেদের ঝালিয়ে নেওয়া।কাবাডি: রুপা জয়ের প্রত্যাশার কথা জানিয়েছে তারা আগেই। কাল চূড়ান্ত দল ঘোষণার সময়ও একই কথা বললেন কোচ আবদুল জলিল। তবে নিজেদের প্রস্তুতি কেমন হলো সেটি পরখ করে নিতে পারেননি বলে হতাশ পুরুষ দলের অধিনায়ক মামুন, ‘সারা বছর পড়াশোনা করলেন, কিন্তু ফাইনালের আগে কোনো টেস্ট পরীক্ষা দিলেন না? আপনি কেমন ছাত্র সেটা বুঝব কী করে?’ প্র্যাকটিসে নানা অপ্রতুলতার কথাও বলেছেন কোচ জলিল, ‘একটি ম্যাট, তাও আবার দুই ভাগ করে দিনাজপুরে প্র্যাকটিস করেছে ছেলেদের দল, অন্য অংশ নিয়ে মেয়েরা প্র্যাকটিস করেছে ধানমন্ডিতে।’ বিশ্বসেরা রেইডার জিয়াউর রহমান ইনজুরির কারণে বাদ পড়েছেন দল থেকে। সেটারও প্রভাব পড়তে পারে খেলায়। তবে মাফতুন হক, এনামুল, আবু সালেহ, রাজুদের ওপর বেশ আস্থা কোচের। এসএ গেমসে এ পর্যন্ত ছয়বার ব্রোঞ্জ জিতেছে পুরুষ দল। সেরা সাফল্য রুপা, সেটি এসেছিল ১৯৯৫ মাদ্রাজ গেমসে। মেয়েদের দলটি গত আসরে প্রথম অংশ নিয়ে ব্রোঞ্জ জিতেছিল। ছেলেদের চেয়ে ভালোই খেলতেই প্রতিজ্ঞ তাঁরা, কোচ আবদুল হাকিমের প্রত্যাশাও তাই।হ্যান্ডবল: অভিষেকের এসএ গেমসে সোনা জেতার স্বপ্নই দেখছে হ্যান্ডবল। এই স্বপ্ন দেখাচ্ছেন জার্মান কোচ উলফগ্যাং লোবাক। বাংলাদেশের গ্রুপে নেপাল ও আফগানিস্তান পড়ায় গ্রুপের শীর্ষে থেকেই ফাইনালে যাওয়ার প্রত্যাশা তাদের। অন্য গ্রুপে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। মিরপুর শহীদ সোহ্রাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এত দিন অনুশীলন করলেও এখন অপেক্ষা পল্টনে মূল ভেন্যুতে যাওয়ার। ৩-৪ দিনের মধ্যে সিনথেটিক টার্ফ বসতে পারে। এর পর থেকে সেখানেই চলবে জোর প্রস্তুতি। উপমহাদেশের অন্য দেশ সম্পর্কে কোনো ধারণা না থাকলেও কোচ কামরুল ইসলাম জানালেন, যেকোনো দলকে হারানোর সামর্থ্য তাদের আছে। সম্প্রতি জাপান বিশ্ববিদ্যালয় দলের সঙ্গে খেলা ৭টি প্রদর্শনী ম্যাচ সেই আত্মবিশ্বাসের পালে জোর হাওয়া লাগিয়েছে।