স্টকহোম ওপেনের শিরোপা জিতলেন ফেদারার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন জিতে শুরুটা ভালোভাবে করলেও এরপর রাফায়েল নাদালের দুর্দান্ত দাপটের সামনে ম্লান হয়ে গিয়েছিলেন রজার ফেদারার। নাদালের কাছে হারাতে হয়েছে টেনিস র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটাও। কিন্তু তার পরও হতাশ না হয়ে ২০১০ সালটা ভালোভাবে শেষ করতে চেয়েছিলেন এই সুইস তারকা। কথা রেখেছেন তিনি। জার্মানির ফ্লোরিয়ান মায়েরকে ৬-৪, ৬-৩ সেটে হারিয়ে জিতে নিয়েছেন স্টকহোম ওপেন শিরোপা।এই শিরোপা জেতার মধ্য দিয়ে ক্যারিয়ারের ৬৪তম এটিপি শিরোপা জিতে পিট সাম্প্রাসের পাশে নাম লিখিয়েছেন ফেদারার। স্টকহোম ওপেনের ফাইনাল ম্যাচটি জিতে আরও একটি মাইলফলক স্পর্শ করেছেন ১৬ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী এই তারকা। টেনিস ইতিহাসের পঞ্চম ব্যক্তি হিসেবে টানা নয় বছর প্রতিটিতে জিতেছেন অন্তত ৫০টি ম্যাচ। এখানেও পঞ্চম স্থানে ফেদেরারের পাশে আছেন পিট সাম্প্রাস। সুইডেনের মাটিতে এটিই ফেদারারের প্রথম শিরোপা জয়। ১৯৯৮ সালে ক্যারিয়ার শুরু করার পর এ নিয়ে মোট ১৮টি দেশে শিরোপা জয়ের দুর্লভ কৃতিত্ব অর্জন করলেন বিশ্ব টেনিস ইতিহাসের অন্যতম এই তারকা। বিবিসি অনলাইন।