স্টকহোমে বোল্টের ‘প্রথম’
টাইমিংটা খুব ভালো হয়নি। ২০.০৩ সেকেন্ড। তার পরও ডায়মন্ড লিগের স্টকহোম মিটের ২০০ মিটারে এই টাইমিং নিয়েই খুশি উসাইন বোল্ট!খুশির কারণ, স্টকহোমে এটা তাঁর প্রথম জয়। এর আগে সুইডেনের রাজধানীতে দুবার দৌড়েছিলেন ১০০ ও ২০০ মিটারের বিশ্ব রেকর্ডের মালিক। দুবারই ব্যর্থতার পর সাফল্যের মুখ দেখলেন তৃতীয় প্রচেষ্টায়। সাফল্যটাই যেখানে ‘প্রথম’ লক্ষ্য, সেখানে পারফরম্যান্সের বিচারটা পরের বিষয়। ‘এখানে প্রথম জিততে পারাটা দারুণ ব্যাপার। যদিও দৌড়টা ভালো হয়নি, কারণ টাইমিংটা আমি আরও ভালো করতে চেয়েছিলাম’—জয়ের পর উসাইন বোল্টের প্রতিক্রিয়া।এই ইভেন্টে ১৯.১৯ সেকেন্ডের বিশ্ব রেকর্ডের মালিক বোল্ট গত মাসেই অসলোয় টাইমিং করেছিলেন ১৯.৮৬। পরে প্যারিস মিটে দৌড়েছিলেন ২০.০৩ সেকেন্ড। আবারও ওই সময়টাই করলেন স্টকহোমে। এবার অবশ্য বোল্টকে দৌড়াতে হয়েছে বাতাসের বিপরীতে।বাতাসের আনুকূল্য পেলে হয়তো বিশ্ব রেকর্ডই গড়ে ফেলতেন কেনিয়ার ভিভিয়ান জেপকেমোই চেরুইয়ট। মহিলাদের ৫০০০ মিটারে ১৪ মিনিট ২০.৮৭ সেকেন্ডে দৌড় শেষ করার পর তাঁর ম্যানেজার সে কথাই মনে করিয়ে দিলেন, ‘বাতাসের বিপরীতে দৌড়াতে না হলে সে বিশ্ব রেকর্ডটা করেও ফেলত পারত।’ তার পরও ইতিহাসের তৃতীয় সেরা সময় করে দৌড় শেষ করেছেন চেরুইয়ট।স্টকহোমে পরশুর রাতটা ছিল ইয়েলেনা ইসিনবায়েভারও। রুশ রেকর্ড-কন্যা পোল ভল্টে নতুন রেকর্ড করতে পারেননি। তবে জিতেছেন মৌসুম-সেরা ৪.৭৬ মিটার উচ্চতা অতিক্রম করে।জিততে পারেননি লাশন মেরিট। আমেরিকার অলিম্পিক চ্যাম্পিয়ন এই অ্যাথলেট পুরুষদের ৪০০ মিটারে ৪৪.৭৪ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন। তবু জ্যামাইকার জারমেইন গঞ্জালেসের (৪৪.৬৯) পরে দ্বিতীয় হয়েও খুশি মেরিট। ডোপ নেওয়ার দায়ে ২১ মাসের নিষেধাজ্ঞা কাটানোর পর এটাই যে ছিল তাঁর প্রথম দৌড়।দ্বিতীয় হওয়ার মধ্যেও একটা সান্ত্বনা খুঁজে পাচ্ছেন মেরিট। কিন্তু আরেক অলিম্পিক চ্যাম্পিয়ন কাস্টার সেমেনিয়া কী বলে সান্ত্বনা দেবেন নিজেকে! দক্ষিণ আফ্রিকান এই অ্যাথলেট মহিলাদের ৮০০ মিটারে ২ মিনিট ১.২৮ সেকেন্ড সময় নিয়ে হয়েছেন অষ্টম। এএফপি, রয়টার্স।