স্টাইরিসের অবসর
তিন বছর আগে টেস্ট ক্রিকেট ছেড়েছিলেন। এবার আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় বলে দিলেন স্কট স্টাইরিস। গত বিশ্বকাপ সেমিফাইনালটাই হয়ে থাকল নিউজিল্যান্ডের এই অলরাউন্ডারের শেষ আন্তর্জাতিক ম্যাচ। ওই ম্যাচে ৫৭ করেছিলেন স্টাইরিস, কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে হেরে বিদায় নেয় নিউজিল্যান্ড। ওয়ানডেতে দেশের হয়ে চতুর্থ সর্বোচ্চ রান তাঁর (১৮৮ ম্যাচে ৪৪৮৩), উইকেট (১৩৭) নবম সর্বোচ্চ।বিশ্বকাপের পর বড় ধরনের পালাবদল ঘটেছে নিউজিল্যান্ড ক্রিকেটে। নতুন অধিনায়কের নেতৃত্বে দেশটি তাকাচ্ছে ভবিষ্যতের দিকে। কদিন পরই ৩৬ পূর্ণ করতে যাওয়া অলরাউন্ডার হয়তো অবসর নিলেন এই কারণেই। বছর দুয়েক ধরেই দলে অনিয়মিত ছিলেন তিনি। বিশ্বকাপেও ৮ ম্যাচ খেলে ফিফটি ছিল ওই একটিই। বিদায় বেলায় ক্যারিয়ারের সেরা মুহূর্ত বলছেন ২০০০ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জয় ও ২০০২ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট সিরিজ জয়। ওই সিরিজেই দ্বিতীয় টেস্টে অভিষেকে করেছিলেন ১০৭ ও অপরাজিত ৬৯, একমাত্র ইনিংসে উইকেট ছিল দুটি। সব মিলিয়ে ২৯ টেস্টে ৫ সেঞ্চুরিতে রান ১৫৮৬। ঘরোয়া টি-টোয়েন্টি অবশ্য খেলে যাবেন স্টাইরিস। আক্রমণাত্মক ব্যাটিং ও কার্যকরী মিডিয়াম পেসে টি-টোয়েন্টিতে এখনো তাঁর চাহিদা আছে। কাউন্টিতে খেলছেন এসেক্সের হয়ে, আইপিএলে চেন্নাই সুপার কিংসে, আর নিজ দেশে নর্দার্ন নাইটসের হয়ে। ওয়েবসাইট।