স্টামফোর্ড ব্রিজে মরিনহো-বরণ

সেই স্টামফোর্ড ব্রিজ, সেই সমর্থক, সেই ডাগ-আউট—সবই ঠিক আছে। বদলেছে শুধু ডাগ-আউটের মানুষটি। গত মৌসুমে এই ডাগ-আউটে দাঁড়িয়ে রাফায়েল বেনিতেজের কান ঝালাপালা হয়েছে সমর্থকদের দুয়ো শুনে। সেই বেনিতেজ চেলসি ছেড়ে নাপোলির দায়িত্ব নিয়েছেন। তাঁর জায়গায় স্টামফোর্ড ব্রিজে এসেছেন হোসে মরিনহো। আর তাতেই স্টামফোর্ড ব্রিজে কী পরিবর্তন! সেই ডাগ-আউটে দাঁড়িয়ে মরিনহো মুগ্ধ হলেন দর্শকের ভালোবাসায়।
রিয়াল মাদ্রিদ ছেড়ে মরিনহো আবার চেলসিতে ফিরেছেন গত জুনে। প্রিয় কোচকে ব্লু সমর্থকেরা অভ্যর্থনা জানিয়েছিল তখনই। তবে বরণ করে নেওয়া বলতে যা বোঝায়, তা বুঝি বাকি রেখেছিল গত পরশু লিগে চেলসির প্রথম ম্যাচটির জন্য। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা সময়ই সমর্থকেরা গলা ফাটিয়ে গেলেন ‘মরিনহো, মরিনহো’ স্লোগান তুলে। দলের চেয়ে কি মরিনহোকে নিয়েই মেতে ওঠেনি জনতা? স্কাই স্পোর্টস টেলিভিশনের এই প্রশ্নে মরিনহো একটু মুচকি হাসি দিয়ে বলেছেন, ‘আমি মনে করি, এটা একটু বেশিই।’ মরিনহো এখন চান, ‘আমার দলকে সমর্থন করা হোক। আমি চাই আমার খেলোয়াড়দের নামে গান গাওয়া হোক। আমি চাই, চেলসিকে নিয়ে তারা সব বাধা পেরিয়ে যাক। সুতরাং মরিনহোকে নিয়ে অনেক হয়েছে, এবার শুরু হোক চেলসিকে নিয়ে।’ স্টামফোর্ড ব্রিজে নিজের দ্বিতীয় পর্বটা মরিনহোর চোখে ‘চেলসির নতুন যুগ’। সেই যুগের শুরুটা জয়ে হওয়ায় তিনি খুশি।
পরশু ছিল চেলসির মালিক হিসেবে রোমান আব্রামোভিচের ১০ বছর পূর্তির দিন। রুশ ধনকুবের তাই ম্যাচটি দেখতে ছুটে এসেছিলেন মাঠে। সাফল্যপিপাসু আব্রামোভিচ ঘরে ফিরেছেন তৃপ্ত হূদয়েই। ২-০ জয় বলেই শুধু নয়, মরিনহোর ছোঁয়ায় চেলসির খেলাও দিল বদলে যাওয়ার ইঙ্গিত। তিনি চেলসিকে ফল এনে দেওয়ার জন্য উন্মুখ, ‘আমি জানি তারা (সমর্থক) আমাকে ভালোবাসে—আর আমার এখানে ফিরে আসা এবং মি. আব্রামোভিচকে “হ্যাঁ” বলার এটাও একটা কারণ। তবে আমার এখন সময় তাদের জন্য কাজ করা। তাদের কাজ দলকে সমর্থন দিয়ে যাওয়া।’
চেলসিকে নিজের ঘর বলেই মনে করেন মরিনহো। পরশু দলের দ্বিতীয় গোলটি করা তাঁর পুরোনো শিষ্য ফ্রাঙ্ক ল্যাম্পার্ড বলছেন, মরিনহো তাঁর ঘরে ফিরে এসেছেন। মরিনহোর প্রতি সমর্থকদের ভালোবাসাকে ইঙ্গিত করে ৩৫ বছর বয়সী মিডফিল্ডার বলেছেন, ‘এটা ছিল অসাধারণ। আমি জানি, সমর্থকেরা তাঁকে ভালোবাসে এবং তিনিও সমর্থকদের ভালোবাসেন। তিনি ঘরে ফিরে এসেছেন। আমরা জানি, তার কাছে এই ক্লাব কী এবং ক্লাবের কাছে তিনি কী।’ ওয়েবসাইট।