স্টার টিভি পেল ভারতীয় ক্রিকেটের সম্প্রচারস্বত্ব
প্রতি ম্যাচের দাম পড়ে ৪০ কোটি রুপি! কাল এই দাম দিয়েই ছয় বছরের জন্য ভারতীয় ক্রিকেটের টিভি-স্বত্ব কিনে নিল স্টার টিভি। শুধু টিভি-স্বত্ব নয়, রুপার্ট মারডকের প্রতিষ্ঠানটি পেয়েছে ইন্টারনেট ও মোবাইল-স্বত্বও। জুলাই ২০১২ থেকে মার্চ ২০১৮-এর মধ্যে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট মিলিয়ে মোট ৯৬টি ম্যাচ সম্প্রচারের জন্য বিসিসিআইয়ের সঙ্গে ৩৮৫১ কোটি রুপির চুক্তি করেছে স্টার টিভি।আইপিএলের বর্তমান সম্প্রচারক প্রতিষ্ঠান মাল্টি-স্ক্রিন মিডিয়াও (সনি) প্রতিযোগিতায় নেমেছিল স্টারের সঙ্গে। তিন হাজার ৭০০ কোটি রুপি দর হেঁকে তারা পেছনে পড়ে যায় স্টারের। গত বছরের ডিসেম্বরে নিম্বাসের সঙ্গে চুক্তি বাতিলের পর থেকেই নতুন ক্রেতা খুঁজছিল বিসিসিআই। চুক্তি অনুযায়ী টাকা-পয়সা দিতে না পারাতেই বাতিল হয় ওই চুক্তি। নিম্বাস চুক্তি করেছিল প্রতি ম্যাচ ৩২.৫ কোটি রুপিতে।আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রঞ্জি ট্রফি ও ইরানি ট্রফির ম্যাচ সম্প্রচার করলেও আইপিএল নেই এই চুক্তিতে। ক্রিকইনফো।