স্টার্কই কাজ সহজ করে দিতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টিভ ওয়াহ
স্টিভ ওয়াহ

রুদ্ধশ্বাস সমাপ্তি যাকে বলে, অকল্যান্ডের প্রথম সেমিফাইনাল হয়েছে ঠিক সে রকম। সিডনিতে আজ দ্বিতীয় সেমিফাইনাল নিয়েও এটাই প্রত্যাশা। এসসিজি আজ ভারতের কাছে নিজেদের মাঠের মতোই মনে হবে। যেভাবে দলে দলে ভারতীয়রা আসছে, বোঝাই যাচ্ছে গ্যালারি ভরে যাবে ভারতীয় সমর্থকে।
কেমন উইকেট হবে এ নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। এ মাঠে টুর্নামেন্টের আগের ম্যাচগুলো দেখে মনে হয়েছে ভালো বাউন্স আছে এবং বল উঠছে। যদি এ রকমই থাকে তাহলে সেটা স্বাগতিকদের জন্যই বেশি সুবিধাজনক হবে। যা-ই হোক, যদি উইকেট কিছুটা মন্থর হয়ে যায়, স্পিনারদের সাহায্য করে, সুযোগ বেড়ে যাবে ভারতীয়দের।
পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার কোয়ার্টার ফাইনালটা দেখেও মহেন্দ্র সিং ধোনির দল কিছুটা আশান্বিত হতে পারে। ম্যাচের একটা সময়ে পাকিস্তানি পেসাররা অস্ট্রেলিয়াকে বেশ চাপে ফেলে দিয়েছিল। শুরুর দিকে শেন ওয়াটসনের ক্যাচটা ধরতে পারলে ম্যাচটা ঘুরে যেতে পারত। ওয়াহাব রিয়াজের স্পেলটা তো এ টুর্নামেন্টেরই অন্যতম সেরা। এতে এটাও প্রমাণিত হয়, ভালো পেস বোলিং যেকোনো সময়ই ব্যাটসম্যানদের বিপদে ফেলতে পারে। যা-ই হোক, সামলে নিয়ে ও রকম ইনিংস খেলার জন্য ওয়াটসনকেও কৃতিত্ব দিতে হবে। সত্যিকারের চ্যাম্পিয়ন তারাই যারা পাওয়া সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহার করতে পারে।
এই গ্রীষ্মে অবশ্য অস্ট্রেলিয়ান বোলারদের সামনে ভারতীয় ব্যাটসম্যানদের বেশ ধুঁকতে হয়েছে। তবে এই ম্যাচে সেটা আবার দেখা যাবে কিনা আমি সন্দিহান। এই ভারত এখন অন্য দল, ছন্দ খুঁজে পেয়েছে তারা। তবে অস্ট্রেলিয়ান ফিল্ডাররা একটু তৎপর হলে শুরুতে ভারতের কয়েকটা উইকেট ফেলে দেওয়া এখনো অসম্ভব নয়। আর তাহলেই গ্রীষ্মের সেই সময়টা আবার মনে পরবে ভারতীয়দের।
আজ ম্যাচের নির্ণায়ক হয়ে উঠতে পারেন পেস বোলাররা। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক আর নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট দুজনই অসাধারণ বল করেছে। বিশ্বকাপে এ পর্যন্ত তারাই সেরা। দারুণ গতির সঙ্গে বল সুইং করাচ্ছে স্টার্ক। অন্য পেসাররা যদি তাকে সাহায্য করতে পারে, বিশেষ করে জশ হ্যাজলউড, ক্লার্কের কাজটা অনেক সহজ হয়ে যাবে।
দুই দলের ব্যাটিং খুব কাছাকাছি, বোলিংয়েও খুব বেশি ব্যবধান নেই। ব্যবধান যেটা গড়ে দিতে পারে সেটা হচ্ছে ফিল্ডিং। এ রকম সমান শক্তির দুটি দলের মধ্যে যখন লড়াই হয়, ফিল্ডিংই বড় প্রভাবক হয়ে উঠতে পারে। অকল্যান্ডে প্রথম সেমিফাইনালই সেটার সবচেয়ে বড় প্রমাণ। দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড পাল্লা দিয়ে সমানতালে ব্যাটিং-বোলিং করেছে, কিন্তু এদিন প্রোটিয়াদের ফিল্ডিংই ফাইনালের পথে ওদের বাধা হয়ে দাঁড়িয়েছে। আমার ১৯৯৯ বিশ্বকাপের সেমিফাইনালটার কথাও মনে পড়ছে। দক্ষিণ আফ্রিকার জন্য আমি সমব্যথী। এদিন বৃষ্টি হয়তো তাদের সঙ্গে একটু বিরূপ আচরণ করেছে। যা-ই হোক, সবই তারা ভুলে যেতে পারত, যদি রানআউটের সুযোগগুলো কাজে লাগাতে পারত বা ক্যাচগুলো ঠিকঠাক ধরতে পারত। আমার মনে হয়, অস্ট্রেলিয়া-ভারতও এ ম্যাচ থেকে শিক্ষা নিতে পারে। (গেমপ্ল্যান)

আজকের খেলা
দ্বিতীয় সেমিফাইনাল
অস্ট্রেলিয়া-ভারত
(সকাল ৯-৩০ মি., সিডনি)