স্টার্লিংয়ের আরেকটি সেঞ্চুরি
বিশ্বকাপের শেষ ম্যাচে হল্যান্ডের বিপক্ষে ১০১। পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ১০৯। চার ম্যাচের মধ্যে কাল তৃতীয় সেঞ্চুরি তুলে নিলেন পল স্টার্লিং। এডিনবরায় ত্রিদেশীয় সিরিজে স্কটল্যান্ডের বিপক্ষে আইরিশ ওপেনার করেছেন ৯৫ বলে ১১৩। ৫০ ওভারে ৮ উইকেটে ৩২০ রান তুলেছে আয়ারল্যান্ড। তার পরও ম্যাচটা জিততে পারেনি আইরিশরা। ফ্রেজার ওয়াটসের ৫৪, কাইল কোয়েতজারের ৮৯, জশ ডেভির অপরাজিত ৫০ আর রিচি বেরিংটনের ৫৬ রানের চারটি ইনিংস ৫ উইকেট আর ৯ বল হাতে রেখেই ম্যাচটা জিতিয়ে দিয়েছে স্কটল্যান্ডকে। ৩২ ওয়ানডেতে এটি স্টার্লিংয়ের চতুর্থ সেঞ্চুরি। গত বছর কানাডার বিপক্ষে ১৭৭ রানের ইনিংসটায় গড়েছেন সবচেয়ে কম বয়সে দেড় শ রান করার রেকর্ডও (১৯ বছর ৭ দিন)। ত্রিদেশীয় হলেও এই টুর্নামেন্টের ফাইনাল নেই। পরশু আয়ারল্যান্ড-শ্রীলঙ্কার ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে, আজ শেষ ম্যাচে লঙ্কানরা খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। ওয়েবসাইট।