স্টিক-বলে মেয়েদের নতুন যাত্রা

সেই কবে স্টিক আর বল নিয়ে স্টেডিয়ামপাড়ায় আসা-যাওয়া ছিল মেয়েদের, অনেকেরই স্মৃতিতে জমেছে ধুলো। ছত্রিশ-সাঁইত্রিশ বছর পার হয়েছে। লম্বা এই সময়ে হকি মাঠের ছোঁয়া থেকে বলতে গেলে দূরেই ছিলেন মেয়েরা। সাম্প্রতিক বছরে দু-একবার বিচ্ছিন্নভাবে হকির চর্চা হলেও এই প্রথম ১৫ দিনের একটা আবাসিক ক্যাম্প হয়েছে ঢাকায় মওলানা ভাসানী স্টেডিয়ামে। মেয়েদের হকির নবযাত্রাই যেন শুরু হয়েছে।
ফুটবল, ক্রিকেটে মেয়েরা অনেক দূর এগিয়ে গেছেন, সবারই তা জানা। ফুটবলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ কিশোরী দল আসছে সেপ্টেম্বরে ব্যাংককে খেলছে এএফসি অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে। চীন, জাপান, উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মতো এশিয়ার সেরা শক্তিধর দলগুলোর সঙ্গে একই টুর্নামেন্টে খেলা বিশাল এক অর্জনই। বাংলাদেশের মেয়েরা টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটও খেলে ফেলেছেন। হকিতে এবার এগিয়ে চলার গল্প লেখার সময় বুঝি এল।
যদিও ‘দিল্লি বহুদূর’। কারণ, এখনো কোনো পর্যায়েই মেয়েদের কোনো জাতীয় হকি দল নেই। মাত্রই বছর দুয়েক আগে মেয়েদের একটা টুর্নামেন্ট করেছিল হকি ফেডারেশন। টুর্নামেন্টটা আর ধারাবাহিকতা রাখতে পারেনি। তবে হকি ফেডারেশন যা পারেনি, তা করে দেখিয়েছে সরকারি প্রতিষ্ঠান ক্রীড়া পরিদপ্তর। ৪০ জন মেয়ে নিয়ে ৭ জুন হকি ক্যাম্প শুরু হয় তাদেরই উদ্যোগে। প্রতিদিন সকাল সাড়ে সাতটা থেকে দশটা পর্যন্ত অনুশীলন পর্ব ছিল মওলানা ভাসানী স্টেডিয়ামে। ১৭ জুন শেষ হওয়া মেয়েদের এই ক্যাম্পে কোচ ছিলেন সাবেক জাতীয় খেলোয়াড় আজিজুল্লাহ হায়দার, হেদায়তুল ইসলাম রাজীব।
মেয়েরা ছিল হকি স্টেডিয়ামের পাশেই হ্যান্ডবল স্টেডিয়ামের ডরমিটরিতে। ঢাকায় এই প্রথম আবাসিক ক্যাম্প, পরিবার থেকে দূরে থাকা, কিন্তু উদ্যোক্তাদের ভাষায় মেয়েরা ‘ভয়’ পায়নি। একসঙ্গে মাঠে যাওয়া, খাওয়াদাওয়া সবই তারা উপভোগ করেছে। ক্যাম্প পরিচালক পারভিন নাছিমা নাহার পুতুল তা দেখে এই মেয়েদের নিয়ে খুবই আশাবাদী, ‘অনেকেই ভাবতে পারেন, এই মেয়েরা আনাড়ি বুঝি। কিন্তু আসলে তা নয়। সবাই খুব ভালো করেছে মাঠে। ড্রিবলিং-ট্রিবলিংও করছে। সব মিলিয়ে বলব, ওরা আনন্দময় সময়ই কাটিয়েছে।’
পারভিন নাছিমা নাহার সত্তরের মাঝপথে আউটার স্টেডিয়ামে বাংলাদেশের প্রথম নারী হকিচর্চার অগ্রণী একজন। তাঁর স্মৃতিতে ভাসছে সেই সময়টা, ‘ছিয়াত্তর থেকে একাশি পর্যন্ত টানা পাঁচ বছর খেলেছি আমরা। নারায়ণগঞ্জ, টাঙ্গাইলে খেলতে গিয়েছিলাম। প্রতাপ দা, আবদুর রাজ্জাক সোনা মিয়া, বশীর আহমেদ, আবদুস সালাম, এহতেশাম ভাইয়েরা ছিলেন আমাদের কোচ। কিন্তু একাশির পর সাংগঠনিক ও অর্থনৈতিক কারণে খেলাটা বন্ধ হয়ে যায়।’
আগের খেলোয়াড়দের অনেকে হারিয়ে গেছেন স্মৃতির আড়ালে। মানুষ ভুলতেই বসেছে তাঁদের। তাই হকিতে আগ্রহী মেয়ে আবাসিক ক্যাম্পের জন্য পাওয়া যাবে কি না সংশয়ে ছিলেন ক্রীড়া পরিদপ্তরের সহকারী পরিচালক তারিকউজ্জামান নান্নু। তার ওপর রোজার দিন। কিন্তু প্রত্যাশা অনুযায়ী ৪০ জন প্রশিক্ষণার্থীই পাওয়া গেছে ঢাকার বাইরে থেকে। ঠাকুরগাঁও, মানিকগঞ্জ, নড়াইল, কিশোরগঞ্জ থেকে মেয়েরা এসেছে বেশি। আর বেশির ভাগই স্কুলছাত্রী। পুরান ঢাকাসহ ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের আট ছাত্রী ছিল।
এই মেয়েদের নিয়ে আবাসিক হকি দল গড়ার চিন্তাটা কেন এল? তারিকউজ্জামান নান্নু পেছনে তাকান, ‘গত বছর গুয়াহাটি এসএ গেমসে মহিলা হকিতে বাংলাদেশ অংশ নেয়নি নিজস্ব হকি দল না থাকায়। আমার মনে হয়েছে, মেয়েদের হকি দল গড়লে এসএ গেমসে অন্তত তৃতীয় হতে পারতাম আমরা। বিষয়টি মাথায় রেখেই ভাবলাম, দেখি কিছু মেয়েকে নিয়ে একটা ক্যাম্প করা যায় কি না।’
মূল লক্ষ্য মেয়েদের নিয়ে বয়সভিত্তিক একটা দল গড়া। ২৫ জনকে বেছে এক মাসের একটা ক্যাম্প করার পরিকল্পনাও আছে ক্রীড়া পরিদপ্তরের। ২০০৯-১০ অর্থবছরে ঢাকা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে একবার একটা অনাবাসিক ক্যাম্প হয়েছে। লম্বা বিরতি দিয়ে এবার ১৬টি জেলায় হকি প্রশিক্ষণ দিয়েছে ক্রীড়া পরিদপ্তর। ৯টি জেলায় হয়েছে মেয়েদের প্রশিক্ষণ। ওই প্রশিক্ষণে বাছাইকৃত খেলোয়াড়দেরই আনা হয় ঢাকায়। আপাতত মেয়েরা ঢাকার এই পর্ব শেষ করে বাড়ি ফিরেছে। চোখে স্বপ্ন এঁকে যাওয়ার কথা বলেছে মুক্তা, রানীরা। একদিন মেয়েদের হকিতে জাতীয় দল হবে। লাল-সবুজ জার্সি পরবে তারা।
সেই স্বপ্নপূরণে ফেডারেশন দায়িত্ব নেবে, এটাই আশা এই ক্যাম্পের আয়োজকদের। নইলে নিজেরা স্পনসর জোগাড় করে ভারত বা আশপাশে কোথাও গিয়ে প্রীতি ম্যাচ খেলার কথা ভাবছে ক্রীড়া পরিদপ্তর।