স্টিকও আর হাতে নেননি জিমি

বাসায় চার-পাঁচটি স্টিক রেখেছেন। গত ডিসেম্বরের পর সেগুলো অনাদরে পড়ে আছে। প্রিয় স্টিকের দিকে আর ফিরেও তাকাননি!
রাসেল মাহমুদ জিমি দীর্ঘশ্বাস ফেলে বলতে থাকেন, ‘স্টিকগুলো দেখলে মনের ভেতর কষ্ট বাড়ে। তার চেয়ে ওগুলো না দেখাই ভালো।’
রাস্তাঘাটে চলাফেরা করাও এখন বাংলাদেশের সেরা এই হকি খেলোয়াড়ের জন্য বিব্রতকর। সবাই জানতে চায়, ‘ভাই, কবে খেলবেন আবার। কী হলো? আপনার সাসপেনশন কি উঠবে না?’
এই প্রশ্নের ভালো উত্তর দিতে পারবে হকি ফেডারেশন। তারা বলছে, ফেডারেশনের আগামী সভায় জিমিসহ চার খেলোয়াড়ের নিষেধাজ্ঞা তোলার আবেদন নিয়ে আলোচনা হবে। মৌখিকভাবে ফেডারেশনের অনেকেই নিষেধাজ্ঞা তোলার আশ্বাস দিয়েছেন। এমনকি চার নিষিদ্ধ হকি খেলোয়াড়ের দুজন, জিমি ও জাহিদ হোসেন কয়েক দিন আগে ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের সঙ্গে দেখা করেছেন। এই খেলোয়াড়দের আবার খেলায় ফেরার সুযোগ দিতে সুপারিশ করেছেন ক্রীড়া উপমন্ত্রীও।
জিমি তাই তাকিয়ে আছেন ফেডারেশনের দিকে। গত ডিসেম্বরের পর আর হকি খেলেননি। ওই সময় কাতারের লিগে খেলে এসেছেন পাঁচটি লিগ ম্যাচ। তার আগের মাসেই আরও তিনজনের সঙ্গে জিমিকেও ঘরোয়া হকিতে দুই বছর ও জাতীয় দলে তিন বছর নিষিদ্ধ করে হকি ফেডারেশন। গত বছরই আগস্টে এশিয়া কাপে এই খেলোয়াড়েরা শৃঙ্খলা ভেঙেছেন বলে অভিযোগ এনেছে হকি ফেডারেশন। সেই সূত্রেই কঠিন শাস্তি।
শুরুর দিকে অভিযুক্ত খেলোয়াড়েরা তাঁদের শাস্তি পাওয়ার বিষয়টিকে প্রতিহিংসা বলেছেন। ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ বিরুদ্ধে আন্দোলন করায় এই শাস্তি বলেও দাবি করেছিলেন। তবে সম্প্রতি দুঃখ প্রকাশ করে ফেডারেশনের কাছে চিঠি দিয়েছেন এই খেলোয়াড়েরা। যা তাঁদের আগের অনমনীয় অবস্থান থেকে সরে আসারই ঘোষণা।
জিমি বলছিলেন, ‘খেলতে পারছি না। আমার কী কষ্ট, সেটা কেউ দেখে না। এভাবে কত দিন বসে থাকব! তাই আবেদন করেছি শাস্তি তুলতে।’ গত নয় মাসে সেদিন দ্বিতীয়বারের মতো গিয়েছেন হকি স্টেডিয়ামে। অভিমানে হকিস্টিকও হাতে নেননি, ‘সাসপেন্ড হওয়ার পর এলাকায় ফুটবল-ক্রিকেট খেলি। কিন্তু হকি খেলি না। যেদিন আবার মাঠে ফেরার অনুমতি পাব, সেদিনই আবার খেলব। এখন হকির কথা ভাবলে মনটা বেদনায় ভরে যায়। রাতে ঘুম হয় না। হাজার হোক আমি তো একজন খেলোয়াড়। তাই নিজেকে হকি থেকে দূরে রেখে অন্য কাজে ব্যস্ত রাখি এখন।’
অনুশীলন থাকলে ভোরে ঘুম থেকে উঠতেন। স্টিক-বল নিয়ে পুরান ঢাকার আরমানিটোলা থেকে সকালে আসতেন মওলানা ভাসানী স্টেডিয়ামে। সেই রুটিন বদলে গেছে, ভোরে ওঠার তাড়া নেই। হকির বদলে সময় দিচ্ছেন নিউমার্কেটে নিজের তৈরি পোশাক দোকানে। তবে ‘খেলতে খুব ইচ্ছা করে’ বলে মাঠে ফিরতে ব্যাকুল হয়ে উঠেছেন। সেটা আরও বেড়ে যায় যখন বিদেশি কোন বন্ধুর খুদে বার্তা পান মুঠোফোনে।
‘পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, ওমানসহ কয়েকটি দেশে আমার খেলোয়াড় বন্ধু আছে। তারা এসএমএস পাঠায়। জানতে চায়, কী হয়েছে। পরক্ষণে বলেন, সব দেশেই এমন হয়’ নিজেকে নিজেই যেন সান্ত্বনা দেন জিমি। একই সঙ্গে তাঁর মনে একটা প্রশ্নও উঁকি দেয়, ‘আমি কি ২০০৩ থেকে জাতীয় দলে খেলে দেশকে কিছু দিইনি?’
এই প্রশ্নের উত্তর সবারই জানা। বাংলাদেশের হকির মুখই হয়ে উঠেছিলেন এই স্ট্রাইকার।
সেই জিমির কাছে হকি এখন এক কষ্টের নাম।