স্টিভ ওয়াহর ভবিষ্যদ্বাণী
আগামী মাসে শুরু হতে যাওয়া ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার চার ম্যাচের টেস্ট সিরিজের ফল হবে ২-১। জিতবে অস্ট্রেলিয়া। আজ সোমবার এই ভবিষ্যদ্বাণী করেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ।সিরিজের সম্ভাব্য ফলাফল প্রশ্নে সাংবাদিকদের ওয়াহ বলেন, ‘এটা বলা কঠিন। কিন্তু আমার ধারণা, সিরিজটি ২-১-এ জিতবে অস্ট্রেলিয়া।’সাম্প্রতিক সময়ে বেশ কিছু পরিবর্তন এসেছে অস্ট্রেলিয়ান ক্রিকেটে। নতুন কোচ হিসেবে এসেছেন মিকি আর্থার। অধিনায়ক মাইকেল ক্লার্ক ও কোচ আর্থারের সঙ্গে যেসব নির্বাচক কাজ করবেন, নতুন তাঁরাও। দল নিয়েও নানা পরীক্ষা-নিরীক্ষা হয়েছে।ওয়াহ বলেছেন, ‘গত ছয় মাসে অনেক পরিবর্তনের মধ্য দিয়ে গেছে অস্ট্রেলীয় ক্রিকেট। পর্যালোচনা কমিটি প্রচুর সুপারিশ করেছে। আমি নিজেও কমিটির অংশ ছিলাম। এসব সুপারিশের মধ্যে কিছু কিছু এরই মধ্যে বাস্তবায়িত হয়েছে।’অস্ট্রেলিয়াকে ভারতীয় দলের হারানোর সম্ভাবনা প্রশ্নে ওয়াহর প্রতিক্রিয়া, ‘ভারতীয়রা হয়তো এমনটাই ভাবে। কিন্তু আমি মনে করি, কাজটা ধোনিদের জন্য সহজ হবে না। অস্ট্রেলিয়া দলে এখনো বিশ্বমানের ক্রিকেটার আছে। দলে তরুণ খেলোয়াড় এসেছে। এই অস্ট্রেলিয়াকে হারানো খুব কঠিন হবে।’ ওয়েবসাইট।