স্টিভ ওয়াহর ‘চিরপ্রতিদ্বন্দ্বী’ বন্দনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরোনো প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড টেস্ট ক্রিকেটে একটি নির্দিষ্ট মান নির্ধারণ করে দিয়েছে বলেই মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ। তিনি মনে করেন, ভবিষ্যতে এই মানকে লক্ষ্য করেই টেস্ট ক্রিকেটের অন্য দলগুলোর লক্ষ্য থাকবে নিজেদের গড়ে তোলার।অস্ট্রেলীয় ক্রিকেটের সোনালি সময়টা এসেছিল স্টিভ ওয়াহরই হাত ধরে। ১৯৯৯ সালে বিশ্বকাপ জয়ের পর অপ্রতিরোধ্য অস্ট্রেলীয় ক্রিকেট দলের বিকাশ তাঁরই অধিনায়কত্বে। ইংল্যান্ডকে বেশ কয়েকটি অ্যাশেজ পরাজয়ের লজ্জা দেওয়ার স্মৃতি মাথায় নিয়েই ওয়াহ মনে করেন, সেই ইংল্যান্ড আর বর্তমানের ইংল্যান্ড সত্যিই এক নয়। অ্যান্ড্রু স্ট্রাউসের নেতৃত্বে এই ইংলিশ দলের আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে যাওয়া সত্যিই বিরাট একটি অর্জন।গত বছরের শেষ দিকে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে অ্যাশেজ পরাজয়ের স্বাদ দিয়ে দারুণ কিছুর ইঙ্গিত দিয়েছিল। বিশ্বকাপে তেমন ভালো কিছু করতে না পারলেও বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে নিজেদের মাঠে ধবল ধোলাই করে সেই ‘দারুণ কিছু’ চমত্কারভাবেই অর্জন করেছে তারা। শীর্ষ টেস্ট দলের মর্যাদায় অভিষিক্ত হওয়া তো আর কোনো ছেলেখেলার বিষয় নয়।‘মাত্র ১৮ মাসের মধ্যেই পুরো পরিস্থিতিটা পাল্টে গেল। ইংল্যান্ড পেশাদারির মোড়কে গড়া চমত্কার একটি দল। এই দলটি প্রতিপক্ষকে কোনো ছাড় দেয় না। মাঠে যতটা তাড়াতাড়ি সম্ভব প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিতে সিদ্ধহস্ত।’ ইংল্যান্ড প্রসঙ্গে স্টিভ ওয়াহর মন্তব্য।বর্তমানে ইংল্যান্ডের জয়ের যে অভ্যাসটি গড়ে উঠেছে, তা আরও অনেক দিন অব্যাহত থাকবে বলেই ধারণা স্টিভ ওয়াহর। তাঁর মতে, এই দলটি দারুণ সব খেলোয়াড়ে গড়া এবং এঁদের গভীরতা অনেক বেশি।স্টিভ ওয়াহ আরও বলেন, ইংল্যান্ড বর্তমানে যে অবস্থানে রয়েছে, এর চেয়ে দক্ষিণ আফ্রিকা কিন্তু খুব একটা পিছিয়ে নেই। তাঁর মতে, তাঁর নিজের দেশ অস্ট্রেলিয়ার অবস্থানটা এ মুহূর্তে একটু নড়বড়ে হলেও তারা খুব তাড়াতাড়ি নিজেদের ফিরে পাবে এবং ইংল্যান্ডকে চ্যালেঞ্জ জানাবে।সম্প্রতি ইংল্যান্ড সফরটি দুঃস্বপ্নের মতোই কেটেছে বিশ্বচ্যাম্পিয়ন ভারতের। এই সফরে কোনো ম্যাচ জিততে না পারার ব্যর্থতা কাঁপিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেটের ভিত। এই ব্যর্থতার জন্য অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেটের অতি ব্যস্ত সময়সূচিকে দায়ী করলেও স্টিভ ওয়াহ তা মেনে নিতে নারাজ। তাঁর মতে, ‘ধোনি যা বলছে, সেগুলো ঠুনকো অজুহাত মাত্র। আসলে ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় দলের প্রস্তুতিতেই ঘাটতি ছিল। সিরিজ শুরু হওয়ার আগে ভারত সামারসেটের বিপক্ষে একটি মাত্র প্রস্তুতি ম্যাচে অংশ নিয়েছিল। ইংল্যান্ডের মতো একটি দুর্দান্ত দলের বিপক্ষে একটি কাউন্টি দলের বিপক্ষে খেলার প্রস্তুতি কোনো কাজে আসতে পারে না।’ স্টাই নিউজ।