স্টুয়ার্ট ল দায়িত্ব নিচ্ছেন ১ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেমি সিডন্সের পর সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টুয়ার্ট লর হাতেই বাংলাদেশ ক্রিকেট দলের কোচের দায়িত্বটা তুলে দেওয়া হবে, এটা একপ্রকার নিশ্চিতই ছিল। আজ সোমবার আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণাটা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১ জুলাই থেকে প্রধান কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ল। তাঁর সঙ্গে দুই বছরের একটি চুক্তি করেছে বিসিবি।২০০৯ সালে শ্রীলঙ্কার সহকারী কোচ হিসেবে কোচিং ক্যারিয়ার শুরু করেছিলেন স্টুয়ার্ট ল। বিশ্বকাপ শেষে লঙ্কান কোচ ট্রেভর বেলিস কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পর কিছুদিন মূল কোচ হিসেবেও কাজ করেছেন সাবেক এই অসি ব্যাটসম্যান। শ্রীলঙ্কার সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ ছিল এ বছরের নভেম্বর পর্যন্ত। সে জন্যই সবকিছু ঠিকঠাক থাকলেও চুক্তি স্বাক্ষরে দেরি হচ্ছিল বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস। আজ এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আগামী ১ জুলাই থেকে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন স্টুয়ার্ট ল। আমরা গত মে মাস থেকেই তাঁর সঙ্গে এ বিষয়ে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছিলাম। কিন্তু শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের কাছ থেকে একটা ছাড়পত্র তাঁর দরকার ছিল। সম্প্রতি তিনি সেটা পেয়ে গেছেন এবং আমাদের প্রস্তাবটা আনুষ্ঠানিকভাবেই গ্রহণ করেছেন।’আগামী আগস্টে জিম্বাবুয়ে সফরের মধ্যে দিয়ে শুরু হবে লর অধীনে বাংলাদেশ ক্রিকেট দলের নতুন যাত্রা। অস্ট্রেলিয়ান ঘরোয়া ক্রিকেটে অধিনায়কত্বের অভিজ্ঞতাটা বাংলাদেশের ক্রিকেটারদের ক্ষেত্রে অনেক ইতিবাচক ভূমিকা রাখতে পারবে বলে মনে করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। ইউনুস বলেছেন, ‘আমরা এমন একজন কোচ খুঁজছিলাম, যার মধ্যে নেতৃত্ব দেওয়ার গুণাবলিও আছে। আর এ ক্ষেত্রে আমাদের কাছে স্টুয়ার্ট লকেই সবচেয়ে উপযুক্ত মনে হয়েছে। কোচিং ক্যারিয়ার শুরু করার আগে তিনি কুইন্সল্যান্ড ও ল্যাংকাশায়ারের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।’ রয়টার্স।