স্টুয়ার্ট ল পাকিস্তানে যাচ্ছেন না
বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর নিয়ে চলছে তোড়জোড়। দেশটির নিরাপত্তাব্যবস্থা সরেজমিনে দেখতে পাকিস্তানে গেছে বাংলাদেশ প্রতিনিধিদল। কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলের অস্ট্রেলীয় কোচ স্টুয়ার্ট ল জানিয়েছেন, বাংলাদেশ পাকিস্তান সফরে গেলেও তিনি দলের সঙ্গে যাবেন না। পাকিস্তানের দৈনিক পত্রিকা ‘দ্য নিউজ’-এ আজ এই তথ্য উঠে এসেছে।‘দ্য নিউজ’ জানিয়েছে, স্টুয়ার্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এ ব্যাপারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, বাংলাদেশ পাকিস্তানে গেলেও তিনি সেখানে দলের সঙ্গী হবেন না।এদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট আ হ ম মোস্তফা কামাল পাকিস্তানে পৌঁছে ইসলামাবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, শিগগিরই আন্তর্জাতিক ক্রিকেট পাকিস্তানে ফিরছে।আগামী মাসে প্রস্তাবিত ওয়ানডে সিরিজ সামনে রেখে নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করতে বিসিবির প্রধানসহ বাংলাদেশের ৯ সদস্যের প্রতিনিধিদল গতকাল শুক্রবার রাতে ইসলামাবাদে পৌঁছায়।মোস্তফা কামাল বলেন, বাংলাদেশ-পাকিস্তান উভয় দেশ পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখতে খুবই আন্তরিক। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে পাকিস্তান। তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে। ‘দ্য নিউজ’ জানিয়েছে, ওই সংবাদ সম্মেলনে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিকও উপস্থিত ছিলেন। পিসিবির চেয়ারম্যান জাকা আশরাফ ও রেহমান মালিককে বাংলাদেশে আসার আমন্ত্রণও জানিয়েছেন মোস্তফা কামাল।পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দেন, বাংলাদেশ দলের জন্য ‘সব জায়গায়’ নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হবে। বাংলাদেশের ইচ্ছা অনুসারে যেকোনো ধরনের নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করবে পাকিস্তান।পিসিবির একজন কর্মকর্তা বলেছেন, ‘আমাদের নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে জানার পর পাকিস্তানে দল পাঠানোর ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেবে বাংলাদেশ।’২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেট দলকে বহনকারী বাসে গুলি চালায় জঙ্গিরা। অল্পের জন্য প্রাণে রক্ষা পান ক্রিকেটাররা। ভয়, আতঙ্কে দেশে তড়িঘড়ি করে ফিরে যায় শ্রীলঙ্কা। এর পর থেকেই নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে পাকিস্তান সফর থেকে বিরত আছে ক্রিকেট খেলুড়ে দেশগুলো।