স্টুয়ার্ট লর কোচিং দর্শন
ব্যাগি গ্রিন ক্যাপটা বাড়িতে সযত্নে রাখা আছে। সেটির দিকে তাকিয়ে কখনো দীর্ঘশ্বাস পড়ে। কখনো নিজেকে সান্ত্বনা দেন, ‘এটা তো না-ও পেতে পারতাম।’ পেয়েছেন, স্টিভ ওয়াহ ইনজুরিতে পড়েছিলেন বলে। ১৯৯৫ সালে পার্থে শ্রীলঙ্কার বিপক্ষে একমাত্র সেই টেস্টে ৫৪। অপরাজিত ছিলেন বলে স্টুয়ার্ট লর কোনো টেস্ট অ্যাভারেজ নেই!প্রথম শ্রেণীর ক্রিকেটে ৭৯টি সেঞ্চুরি। শুধু ভুল সময়ে ভুল দেশে জন্মেছেন বলে একটি মাত্র টেস্ট ম্যাচ। ল সান্ত্বনা খোঁজেন স্টিভ ওয়াহর কথায়, ‘অন্য কোনো যুগে বা অন্য কোনো দেশে জন্মালে ও ১০০ টেস্ট খেলত।’খেলোয়াড়ি জীবনের আক্ষেপ ঘোচাতে চান কোচিং ক্যারিয়ারে। হারারে কি তাহলে মনে করিয়ে দিচ্ছে পার্থকে? এখানেও তো একরকম টেস্ট ‘অভিষেক’ই হচ্ছে লর। হেড কোচের ভূমিকায় এটাই প্রথম টেস্ট। ল হাসেন, ‘আরে না, দেশের পক্ষে টেস্ট খেলার কোনো তুলনা হয় না। এটাই কোনো ক্রিকেটারের জীবনে চূড়ান্ত অর্জন।’তবে কোচিং ক্যারিয়ারের নতুন অধ্যায়ের আনুষ্ঠানিক শুরু নিয়ে স্বাভাবিকভাবেই রোমাঞ্চ আছে। আছে আগামী পাঁচ দিন কী নিয়ে অপেক্ষা করছে, সেই উৎকণ্ঠাও। সবে খেলোয়াড়দের নামে চিনতে শুরু করেছেন। চাপে কে কীভাবে সাড়া দেন, তা দেখার প্রথম সুযোগ এই টেস্ট ম্যাচ। তবে খেলোয়াড়দের কাছে নিজের কোচিং দর্শনটা এরই মধ্যে পরিষ্কার করে দিয়েছেন বা দিতে শুরু করেছেন। কাল সকালে হারারের রেইনবো টাওয়ারস হোটেলের লবিতে বসে খুলেও বললেন তা, ‘আমি ৩১ বছর ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেছি। অনেক কোচ দেখেছি। নানা রকম কোচিং ধারণার সঙ্গে পরিচয় হয়েছে। আমি খেলোয়াড়দের কাছ থেকে শিখেছি, ওরা কোচের কাছে কী চায়। খুব বেশি শক্ত হলেও ওরা খুশি হয় না, আবার খুব নরম হলেও নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, দলের সবার জন্য এক নিয়ম। একেকজনের জন্য একেক নিয়ম হতে পারে না।’জেমি সিডন্সের সময় বাংলাদেশ দলে এর ব্যতিক্রম ছিল বলে শোনা যায়। স্টুয়ার্ট ল সেটি জেনেই কথাটা বললেন কি না, কে জানে! তবে সিডন্সের সঙ্গে তাঁর চিন্তাভাবনার পার্থক্যটা বুঝতে একটুও সমস্যা হলো না। সিডন্স শুরুই করতেন, ‘তোমার এই হয় না-ওই হয় না, তোমার এটা খারাপ-ওটা খারাপ’ বলে। ল যেখানে বলছেন, ‘কাউকে “তুমি এটা ভুল করছ, এভাবে করো” বললে সেই খেলোয়াড়কে এলোমেলো করে দেওয়া হবে। আমি বরং মনে করি, “তোমার সবকিছুই ঠিক আছে, তবে দেখো তো আমরা এমন কিছু করতে পারি কি না” এভাবে বলা উচিত।’সিডন্সের সঙ্গে আরেকটি অমিল, এই পর্যায়ে এসে খেলোয়াড়দের টেকনিক বদলে দেওয়াতেও বিশ্বাস নেই লর, ‘এটা আপনি ১০-১২ বছরের বাচ্চাদের করতে পারেন। ১৯-২০ বছর বয়সী আন্তর্জাতিক ক্রিকেটারদের নয়।’ একেক দেশের একেক ধরন, এটা মনে রাখাটাও মনে করেন খুব গুরুত্বপূর্ণ, ‘আমি ওদের বদলে দিতে আসিনি। বাংলাদেশকে আমি ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার মতো খেলতে বলব না।’ইয়ান চ্যাপেলের মতো অনেকের কাছে ক্রিকেটে কোচের সংজ্ঞাটা এ রকম, ‘খেলোয়াড়েরা যেটিতে চড়ে মাঠে যায়-আসে।’ এই চরমপন্থী মত সবাই সমর্থন করবেন না স্বাভাবিক, তবে ফুটবল কোচের সঙ্গে ব্যতিক্রম হয়ে ক্রিকেট কোচদের নেপথ্যে থাকাটাই নিয়ম। বাংলাদেশে অবশ্য এর ব্যতিক্রমই হয়েছে সব সময়। ল কিন্তু এই নিয়মেরই অনুসারী, ‘আমি যেটা শুনেছি, বাংলাদেশে কোচেরা এসে বলেছে, “এটা করো”, “ওটা করো”; অনেকটা স্বৈরতন্ত্রের মতো। আমি খেলোয়াড়দের প্রথম দিনই বলেছি, এটা আমার দল নয়। এটা তোমাদের দল। এই দলের ভালো-মন্দের দায়িত্ব খেলোয়াড়দের। ওরা কীভাবে খেলতে চায়, ওরাই ঠিক করবে। তবে ওদের বুঝতে হবে, টেস্টে ১০ ওভার শেষে স্কোরবোর্ডে ৫ উইকেটে ৫০ থাকলে গিয়েই চালালে হবে না। ওদেরকেই বের করতে হবে, কম উইকেট হারিয়ে কীভাবে ৯০ ওভার ব্যাটিং করা যায়। তা করতে পারলে রান এমনিতেই আসবে, কারণ ওরা সহজাতভাবেই আক্রমণাত্মক। তবে বল ছেড়ে দিয়েও আক্রমণাত্মক হওয়া যায়। আক্রমণাত্মক হওয়া মানে প্রতি বলেই ছয় মারতে যাওয়া নয়, কেউই তা পারে না।’নিজেদের খেলা সম্পর্কে বাংলাদেশের খেলোয়াড়দের আরেকটু চিন্তাভাবনা করতেও বলে দিয়েছেন ল, ‘ওদেরকেই ঠিক করতে হবে ওরা কীভাবে খেলতে চায়। সব বলে দিলে হবে না। বাচ্চাদের যেমন সব সময় “এটা করো-ওটা কোরো না” বলতে থাকলে ওরা আর শোনে না। খেলোয়াড়কেই তাঁর পারফরম্যান্সের দায়িত্ব নিতে হবে। কোচিং স্টাফের কাজ হলো তথ্য দিয়ে, পরিবেশ তৈরি করে ওদের পারফর্ম করতে সাহায্য করা।’এ পর্যন্ত যা দেখেছেন, সেটি লকে আশাবাদীই করছে, ‘অনেক ভালো দিক আছে। বাংলাদেশের ফাস্ট বোলিং নিয়ে অনেক নেতিবাচক কথা শুনেছি। আমি তো দেখলাম, দারুণ সব প্রতিভা আছে। রুবেল তো বিধ্বংসী এক ফাস্ট বোলার হয়ে উঠতে পারে। ব্যাটিংয়েও অনেক কোয়ালিটি প্লেয়ার আছে। যে পরিবর্তনটা প্রয়োজন, তা হলো, ৩০-৪০-এ খুশি না হয়ে সেগুলোকে ৮০-১০০-১৫০-তে পরিণত করা। তবে এটা করতে পারাটা খেলোয়াড়দের ওপরই নির্ভর করে। পরিশ্রমের কোনো বিকল্প নেই।’কোচিংয়ের ধ্যান-ধারণা যেমন মুগ্ধ হওয়ার মতো, তেমনি আন্তর্জাতিক ক্রিকেটের বর্তমান চালচিত্র নিয়ে উপলব্ধিও। টেস্ট ক্রিকেট মরে যাচ্ছে আর টি-টোয়েন্টিই ক্রিকেটের ভবিষ্যৎ—এ কথায় তীব্র আপত্তি আছে তাঁর। ভারত-ইংল্যান্ডের আগে অ্যাশেজ সিরিজের উদাহরণ দিয়ে বললেন, ‘টেস্ট ম্যাচেও মাঠভরা দর্শক থাকছে। প্রয়োজন শুধু উইকেটে একটু ঘাস, যাতে ব্যাটে-বলে সমতা থাকে।’ টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের টেকনিকের বারোটা বাজাচ্ছে বলে আক্ষেপ করলেন। খেলোয়াড়দের মনোজগতে পরিবর্তনটার (‘খেলোয়াড়েরা শুধু টাকার কথা না ভেবে ঠিক কারণে ক্রিকেট খেলছে কি না, এটাও এখন ভাবার একটা বিষয়’) কথা মনে রেখে সাকিব-তামিমদের একটা বার্তাও যেন দিতে চাইলেন, ‘যারা ভালো, তারা সব জায়গায়ই ভালো। টেন্ডুলকার তো টি-টোয়েন্টিতে ক্রিকেটে শট খেলেই রান করে। মাহেলা জয়াবর্ধনেও তাই। খেলোয়াড়দের মনে রাখা উচিত, আইপিএলও কিন্তু এখন গ্রেট প্লেয়ার চায়। আন্তর্জাতিক ক্রিকেটে যারা ভালো খেলে, টেস্ট ক্রিকেটে ভালো খেলে, তাদেরই চাহিদা বেশি।’সব শুনেটুনে মনে হলো, স্টুয়ার্ট লর বাংলাদেশ অধ্যায়টা টেস্ট ম্যাচ দিয়ে শুরু হওয়াটাই ঠিক হচ্ছে।