স্টুয়ার্টের ভয়ই মিসবাহর প্রেরণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরটি ইংল্যান্ড কাটিয়েছে স্বপ্নের মতোই। অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ জেতা দলটি ঘরের মাঠে টেস্ট সিরিজে হারিয়েছে ভারত ও শ্রীলঙ্কাকে। উঠে এসেছে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে। সারা বছর টেস্টে অপরাজিত থাকা ইংল্যান্ড এবার বছরের শুরুতেই মুখোমুখি এক পরীক্ষার। সেই পরীক্ষার নাম পাকিস্তান!অস্ট্রেলিয়া ও ভারতের মতো দলকে টেস্ট সিরিজে নাজেহাল করে যে দল, সেই ইংল্যান্ডের আবার পরীক্ষা নেবে পাকিস্তান? ইংল্যান্ডের পক্ষে সবচেয়ে বেশি ১৩৩ টেস্ট খেলা সাবেক ক্রিকেটার ও অধিনায়ক অ্যালেক স্টুয়ার্ট সমীহই করছেন পাকিস্তানকে। কারণ, টেস্ট সিরিজটি হবে সংযুক্ত আরব আমিরাতে, যেখানে অনেকটা উপমহাদেশেরই কন্ডিশন পাবে পাকিস্তান। গ্যালারিতে থাকবে সমর্থনও। তাই অনুজদের প্রতি সাবেক অধিনায়কের হুঁশিয়ারি, পাকিস্তানকে হালকাভাবে নিলে সেটা হবে ভুল।প্রতিপক্ষ সম্পর্কে সাবধান করে দিলেও স্টুয়ার্ট প্রত্যয়ী, পাকিস্তানকে হারানোর মতো প্রতিভাদীপ্ত খেলোয়াড় ইংল্যান্ডের আছে। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দারুণ শক্তিশালী ইংল্যান্ড। জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, ক্রিস ট্রেমলেট, গ্রায়েম সোয়ান, টিম ব্রেসনান, স্টিভ ফিন, গ্রাহাম ওনিয়নস, মন্টি পানেসারের মতো খেলোয়াড়েরা পাকিস্তানকে হারানোর পরিকল্পনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন বলে মনে করেন স্টুয়ার্ট। পাকিস্তানের পক্ষে ভয়ংকর হয়ে উঠতে পারেন অফস্পিনার সাঈদ আজমল। আমিরাতের উইকেটে ইংলিশ বোলাররা বেশি সুবিধা না-ও পেতে পারেন। সে ক্ষেত্রে ফিল্ডিংয়েই বেশি ভালো করতে হবে ইংল্যান্ডকে।স্পট ফিক্সিং কেলেঙ্কারি গ্রাস করলেও দল হিসেবে আস্তে আস্তে নিজেদের আবার গুছিয়ে নিয়েছে পাকিস্তান। এখানেই ভয় স্টুয়ার্টের।আর স্টুয়ার্টের যেখানে ভয়, সেখান থেকেই প্রেরণা খুঁজছেন মিসবাহ-উল-হক। গত বছর চারটি সিরিজ জেতা পাকিস্তানের অধিনায়ক মিসবাহর কোনো সন্দেহই নেই, আসন্ন সিরিজটি তাঁদের জন্য কঠিন হবে। আর এতে উতরাতে হলে বড় রান করতে হবে। ইংল্যান্ডকে পরাক্রমশালী মানলেও কন্ডিশনকে অনুকূলই ভাবছেন পাকিস্তান অধিনায়ক, ‘সবকিছুই আছে ইংল্যান্ডের—সেরা স্পিনার, ভালো ফাস্ট বোলার। আছে লম্বা ব্যাটিং লাইনআপ। কিন্তু কন্ডিশনটা তাদের অনুকূলে থাকবে না। আমিরাতে এসে তারা যে কন্ডিশনের মুখোমুখি হবে, সে কন্ডিশনে অনেক ক্রিকেট খেলেছি আমরা।’আমিরাতে তিন টেস্ট সিরিজের প্রথমটি এ মাসের ১৭ তারিখ শুরু হবে দুবাইতে। টেস্ট সিরিজের পর রয়েছে চারটি ওয়ানডে এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ওয়েবসাইট।