স্টেইন ও বাঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুঁচকির চোট প্রথম টেস্টের প্রথম ইনিংসের পর আর বল করতে দেয়নি ডেল স্টেইনকে। দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার দিল্লির শেষ টেস্টেও খেলতে পারবেন কি না, সংশয় আছে তা নিয়েই। খেলতে পারছেন না তো কী হয়েছে, ৩২ বছর বয়সী বিশ্বসেরা ফাস্ট বোলার কিন্তু একেবারে বসে নেই। কালই যেমন এক রয়েল বেঙ্গল টাইগারের সঙ্গে মুখোমুখি হয়ে গেলেন। আগেভাগেই শেষ হয়ে যাওয়া তৃতীয় টেস্টের পর কাল নাগপুর থেকে ৮০ কিলোমিটার দূরে পেঁচ বা পেঞ্চ টাইগার রিজার্ভে গিয়েছিল পুরো দক্ষিণ আফ্রিকা দল। সেখানেই স্টেইনের চোখে প্রথম ধরা পড়ে তাদের খুব কাছেই হেঁটে বেড়াচ্ছে এক বাঘ। সঙ্গে সঙ্গেই প্রস্তুত হয়ে গেলেন শিকারি স্টেইন, ক্যামেরা বের করে ঝটপট তুলে ফেললেন ছবি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো পোস্টও করেছেন স্টেইন। এনডিটিভি।