স্টেইন-গানের মুখে ডাচরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাচদের অপেক্ষায় হাত নিশপিশ করছে ডেল স্টেইনের! এএফপি
ডাচদের অপেক্ষায় হাত নিশপিশ করছে ডেল স্টেইনের! এএফপি

নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওভারটি শুরু করার সময় ভাবেননি ম্যাচটি তাঁরা জিতবেন। প্রথম তিনটি বল ডট হওয়ার পর ডেল স্টেইনের মনে হয়েছিল ম্যাচটি জেতা সম্ভব। ওই দুর্দান্ত ওভারটিই ডেল স্টেইনকে নিয়ে এসেছে এই টি-টোয়েন্টি বিশ্বকাপের আলোয়। আজ স্টেইনের সামনে আরও সহজ প্রতিপক্ষ হল্যান্ড।

আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৯ রানে অলআউট হওয়া দলটি স্টেইনকে নিয়ে না ভেবে পারেই না। ডাচ অধিনায়ক পিটার বোরেন বললেন স্টেইনকে সামলানোর বিশেষ পরিকল্পনা নিয়েই নামবেন তাঁরা, ‘স্টেইন দুর্ধর্ষ বোলার। সেদিন নিউজিল্যান্ড তাঁকে খেলতে অনেক সমস্যায় পড়েছে। আমরা তাঁর ৪ ওভারে আক্রমণাত্মক হব না।’

স্টেইন মরকেলদের কল্যাণে এই ম্যাচটিও স্বল্পরানের হতে পারে ধারণা। তবে শ্রীলঙ্কা ম্যাচের দুঃস্বপ্ন মুছে ফেলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের ফিরে পেতে চান বোরেনরা, ‘আয়ারল্যান্ডের সঙ্গে জেতার পর আমরা সম্ভবত ক্লান্ত ছিলাম। পাশাপাশি আমাদের উচিত ছিল প্রথম ১০ ওভার দেখে খেলা। মেন্ডিস-মালিঙ্গার মতো ভালো বোলারদের খেলতে সমস্যা হয়েছে। আমাদের সামনে আরও চারটি ম্যাচ আছে। আমরা ভালো খেলতে চাই।’

দুই দল এর আগে টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়নি। চারটি এক দিনের ম্যাচের সব কটিতে হেরেছে হল্যান্ড। তবে ওই ম্যাচগুলোর অভিজ্ঞতা থেকেই দক্ষিণ আফ্রিকার আগুনে পেস বোলিং সামলানোর উপায় খুঁজতে চাইছে ডাচরা।

ডাচরা নিজেদের ফিরে পেতে চায়। কিন্তু দক্ষিণ আফ্রিকা কি তাদের সেই সুযোগ দেবে? এ ম্যাচে জয় ছাড়া অন্য কিছুই দেখছেন না ডেল স্টেইন, ‘প্রথম ম্যাচ হেরেছি। দ্বিতীয় ম্যাচে ফিরে এসেছি। এখন আমাদের জিততে হবে। আমাদের গ্রুপে ভালো অবস্থানে যেতে হবে।’

ইতিমধ্যে দুই ম্যাচে ৬ উইকেট নিয়ে দ্বিতীয় সেরা বোলার ‘স্টেইন-গান’। প্রথম স্থানটি সাকিব আল হাসান ও হল্যান্ডের আহসান মালিকের। দুজনই সাতটি করে উইকেট নিয়েছেন। তাঁদের এই অর্জনে অবশ্য বাছাইপর্বের অবদানই বেশি।

আজ এই দুজনকে টপকে যাওয়ার সুযোগ দক্ষিণ আফ্রিকার গতিতারকার। সেটি নিজেও জানেন। হল্যান্ডকে যথাযোগ্য মর্যাদা দিয়েও একটা নীরব হুমকিও দিলেন স্টেইন, ‘হল্যান্ড নতুন দল। ভালো কিছু খেলোয়াড় আছে তাদের। ওই দিন তাঁরা মালিঙ্গা ও মেন্ডিসকে ভালোভাবে খেলতে পারেনি। ও রকম হতেই পারে।’ কী যে হবে আজ ডাচদের!