স্টেইন-ঝড়ে ভেঙে পড়ল ভারত!

১ উইকেটে ১৮১। ফুরফুরে মেজাজেই ডারবান টেস্টের প্রথম দিন শেষ করেছিল ভারত। বিজয় মুরালির চোখে ঝিকমিক করছিল শতক হাঁকানোর স্বপ্ন! চেতেশ্বর পূজারার চোখও তখন বড় ইনিংসের দিকে। আর ভারত? অবশ্যই আরেকটি রানের পাহাড় গড়ার লক্ষ্য। না, কিছুই হয়নি। মুরালি পারেননি শতক হাঁকাতে, পূজারা যেতে পারেননি খুব বেশি দূর। আর ভারতেরও গড়া হয়নি রানের পাহাড়!
১ উইকেটে ১৯৮ থেকে ৩৩৪ রানে অলআউট। শেষ ১৩৬ রানেই পড়েছে নয় উইকেট! ভারতের এত বড় সর্বনাশ কে করল? নামটি ডেল স্টেইন! প্রথম ইনিংসে ভারতীয়রা ভালোই ভুগিয়েছিল তাঁকে। ডারবানে সেটিরই যেন শোধ তুললেন আজ। গতি, বাউন্স, সর্পিল সুইংয়ে রীতিমতো নাকের জল, চোখের জল এক করে ছেড়েছেন ভারতীয় ব্যাটসম্যানদের। পূজারা ৭০ রানের মাথায় স্টেইনের যে বলে আউট হলেন, সেটির গতি ছিল ঘণ্টায় ১৪০ কিলোমিটার। অফস্টাম্পে মাপা বল। ড্রাইভ খেলতে গিয়ে সূক্ষ্ম গড়বড়। ব্যস, তাতেই কম্ম সারা! ব্যাট ছুঁয়ে বল আশ্রয় নিল এবি ডি ভিলিয়ার্সের গ্লাভসে।
কিংবা মুরালি বিজয় যে বলটিতে আউট হলেন সেটিও কি কম ভয়ংকর! গায়ের ওপর উঠে আসা শর্ট বল কোনোমতে ঠেকাতে গিয়ে নিজ হাতে খুন করলেন অসাধারণ ইনিংসটিকে। ক্যারিয়ারের চতুর্থ টেস্ট শতক থেকে মাত্র তিন রান দূরে থাকতেই নিজের মূল্যবান উইকেটটি তুলে দিলেন স্টেইনের হাতে। এভাবে ডেল স্টেইনের আগুনে পুড়ে খাক হলো ভারতের ব্যাটিং লাইনআপ।
অজিঙ্কা রাহানে অবশ্য শেষ প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। কিন্তু তাঁকে সহায়তা করার মতো কেউ ছিলেন না। আসলে স্টেইন আর মরকেলের তোপে অসহায় আত্মসমর্পণ ছাড়া করার কিছু ছিলও না ভারতের। ৩৩৪ রানেই থামে ভারতের প্রথম ইনিংস। স্টেইনের ঝুলিতে পড়ে ৬টি, মরকেলের ৩টি ও ডুমিনির ১টি উইকেট।
দক্ষিণ আফ্রিকার ইনিংসের শুরুটা হয়েছে বেশ। প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁদের সংগ্রহ ১৩.১ ওভারে বিনা উইকেটে ৫৪। পিটারসেন ২৪ ও স্মিথ ৩০ রানে ব্যাট করছেন।