স্টেইন-মরকেলে বিধ্বস্ত শ্রীলঙ্কা

গল টেস্টের চতুর্থ দিন শেষে যে রোমাঞ্চের আভাস মিলেছিল, পঞ্চম দিনে এসে তা কর্পূরের মতোই উবে গেল। শ্রীলঙ্কা পারেনি দক্ষিণ আফ্রিকার ছুড়ে দেওয়া চ্যালেঞ্জটা নিতে। আসলে দুই প্রোটিয়া ফাস্ট বোলার ডেল স্টেইন-মরনে মরকেল নিতে দেননি। মরনে-মরকেলের তোপে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস গুটিয়ে গেছে ২১৬ রানে। গল টেস্টে ১৫৩ রানের জয় পেয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকা।
শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস যেভাবে তাসের ঘরের মতো ধসে পড়ল, সেটি খানিকটা বিস্ময়-জাগানিয়া। দক্ষিণ আফ্রিকার দেওয়া ৩৭০ রানের লক্ষ্য পেরোতে লঙ্কানদের হাতে ছিল চারটি সেশন। চতুর্থ দিন শেষে ১ উইকেটে ১১০ রান তুলেও ফেলল তারা। শেষ দিনে প্রয়োজন ২৬০। উইকেটে তখনো ৫৮ রানে লঙ্কান ক্রিকেটের অন্যতম মহিরুহ কুমার সাঙ্গাকারা।
পঞ্চম দিনে প্রথম দুই সেশনেই সব পাল্টে গেল ভোজবাজির মতো। ১ উইকেটে ১১৮ থেকে ২১৬ রানে অলআউট—৯৮ রানে টপাটপ পড়ল ৯ উইকেট। মধ্যাহ্নভোজের বিরতির আগে পাঁচটি, বিরতির পর চারটি। এই ৯ উইকেটের সাতটিই ভাগাভাগি করে নিয়েছেন স্টেইন-মরকেল। দ্বিতীয় ইনিংসে দুজনই পেয়েছেন চারটি করে উইকেট। লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ সাঙ্গাকারার ব্যাট থেকে এসেছে ৭৬। ম্যাচসেরা দুই ইনিংসে ৯৯ রানে ৯ উইকেটে নেওয়া স্টেইন।
হাশিম আমলার নেতৃত্বে প্রোটিয়াদের যাত্রা শুরু হলো জয় দিয়ে। দুই ম্যাচের টেস্ট সিরিজ দক্ষিণ আফ্রিকা এগিয়ে গেল ১-০ ব্যবধানে।