স্টেইনকে সরিয়ে ফিল্যান্ডার
আইসিসি র্যাঙ্কিংয়ে টেস্ট বোলারদের এক নম্বর আসনটিকে নিজের সম্পত্তিই বানিয়ে ফেলেছিলেন ডেল স্টেইন। সেই ২০০৯ সাল থেকে এক নম্বর স্থানটা ছিল দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলারের দখলে। অবশেষে হাতছাড়া হলো সিংহাসন। তবে স্টেইন খুশি থাকতে পারেন এই ভেবে, এক নম্বর স্থানটা তো রয়ে গেল তাঁরই এক স্বদেশির কাছে। তাঁকে সরিয়ে টেস্ট বোলিং র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন সতীর্থ ভারনন ফিল্যান্ডার।
পরশু শেষ হওয়া জোহানেসবার্গ টেস্ট শুরুর সময় ফিল্যান্ডারের (৮৯৯) চেয়ে স্টেইন (৯০৩) এগিয়ে ছিলেন ৪ রেটিং পয়েন্টে। কিন্তু জোহানেসবার্গ টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সে স্টেইনকে টপকে গেছেন ফিল্যান্ডার। দুই ইনিংস মিলিয়ে ১২৯ রানে ফিল্যান্ডার নিয়েছেন ৭ উইকেট। ১৬৫ রান খরচায় স্টেইনের উইকেট মাত্র ১টি। ফল, ফিল্যান্ডারে রেটিং পয়েন্ট বেড়েছে ১৩, স্টেইনের কাটা গেছে ১৩। দুইয়ের যোগফলে স্টেইনের চেয়ে ২২ রেটিং পয়েন্টে এগিয়ে থেকে ক্যারিয়ারে প্রথম বার শীর্ষে উঠলেন ফিল্যান্ডার। কাল প্রকাশিত র্যাঙ্কিংয়ে ২৮ বছর বয়সী ফিল্যান্ডারের রেটিং ৯১২, যা কোনো দক্ষিণ আফ্রিকান বোলারের সর্বোচ্চ। ৮৯০ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে স্টেইন।
ইতিহাসের ৭৪তম বোলার হিসেবে এক নম্বরে উঠে ফিল্যান্ডার উচ্ছ্বসিত, ‘টেস্ট বোলিংয়ের এক নম্বরে উঠে আমি খুশি। ডেলের মতো একজন চ্যাম্পিয়নের পাশে বোলিং করাটা সত্যিই সম্মানের।’ আচমকা অবসরের ঘোষণা দেওয়া ইংলিশ স্পিনার গ্রায়েম সোয়ান ক্যারিয়ার শেষ করলেন ১৫ নম্বরে থেকে।
জোহানেসবার্গে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন বিরাট কোহলি ও ফ্যাফ ডু প্লেসিসও। ১১৯ ও ৯৬ রানে ইনিংস খেলা কোহলি নয় ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন ক্যারিয়ার-সেরা ১১ নম্বরে। দ্বিতীয় ইনিংসে ১৩৪ রানের অসাধারণ ইনিংস খেলা ডু প্লেসিস ১৬ ধাপ এগিয়ে উঠেছেন ক্যারিয়ার-সেরা ২৮ নম্বরে। জায়গা বদল না হলেও জোহানেসবার্গের অন্য দুই সেঞ্চুরিয়ান এক আর সাতে থাকা ডি ভিলিয়ার্স ও চেতেশ্বর পূজারা প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ব্যবধান বাড়িয়ে নিয়েছেন। ওয়েবসাইট।