স্টেইনের আগুনে পুড়ল নিউজিল্যান্ড
দক্ষিণ আফ্রিকা এভাবে জিততেও পারে!
এভাবে হেরে যাওয়া দলটির নাম দক্ষিণ আফ্রিকা হলে শিরোনামটাও হতো অনুমেয়। তাতে খুব বিস্ময়ও থাকত না। ক্রিকেট-বিশ্বজুড়ে হয়তো আলোচনার একটা মৃদু ঢেউ উঠত, ‘দক্ষিণ আফ্রিকা আরেকবার...।’ বারবার পুনরাবৃত্তির পালায় ‘সি’ আদ্যক্ষরের ওই শব্দটি তো হয়ে উঠেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলেরই সমার্থক!
কিন্তু কাল সেই বিরল দিন, ভাগ্যদেবী যেদিন দক্ষিণ আফ্রিকার দিকে একটু মুখ তুলে তাকানোর সিদ্ধান্ত নিলেন। হাতের মুঠোয় থাকা ম্যাচ বারবার হেরে ‘চোকার’ তকমায় দগ্ধ দলটিই এবার দেখল মুদ্রার অন্য পিঠ। ক্রিকেট-বিশ্বের কাল বিস্ময়কর উপলব্ধি, চোকারদের বিপক্ষেও ‘চোক’ করতে পারে কোনো দল!
ভাগ্যদেবীর কৃপা পাওয়াটা হয়তো একটা নিমিত্তমাত্র। ক্রিকেট তো জীবনের মতো, ভাগ্য যেখানে নিজের হাতেই গড়তে হয়। কাল যেমন দক্ষিণ আফ্রিকার ভাগ্য একাই গড়ে দিলেন ডেল স্টেইন। মানবপ্রজাতির একজন হয়েও যিনি প্রায়ই হয়ে ওঠেন অতিমানব। নিউজিল্যান্ড পারল না কাল স্টেইনের অতিমানব হয়ে ওঠার দিন ছিল বলেই। ৫ উইকেট হতে নিয়ে শেষ ওভারে প্রয়োজন ৭ রান, এই সমীকরণে ১০০টি টি-টোয়েন্টি ম্যাচের ৯৯টিতেই হয়তো জিতবে ব্যাটিং দল। যে একবার হারবে, জেনে রাখবেন প্রতিপক্ষের বোলারের নাম হয় মালিঙ্গা কিংবা স্টেইন। দক্ষিণ আফ্রিকার সৌভাগ্য, তাদের একজন স্টেইন আছে!
চোয়ালবদ্ধ চেহারায় শেষ ওভারটি করার জন্য ছন্দময় রানআপে যখন ছুটলেন, মনে হলো আজ কিছু একটা করেই বুঝি ছাড়বেন। প্রথম বলেই ফেরালেন বিপজ্জনক লুক রনকিকে। তেড়েফুঁড়ে না গিয়ে দারুণ বুদ্ধিমত্তায় পরের দুই বলেও বোকা বানালেন নতুন ব্যাটসম্যান নাথান ম্যাককালামকে। চতুর্থ বলে মিড অফের ওপর দিয়ে মারা চারে ম্যাচ আবার নিউজিল্যান্ডের দিকে হেলে। পরের বলে একই শটের পুনরাবৃত্তির চেষ্টায় মিড অফে ক্যাচ ম্যাককালাম। আউট হলেও ৩৬ বলে ৬২ রানে অপরাজিত রস টেলরকে স্ট্রাইকে আনার গুরুত্বপূর্ণ কাজটি করতে পেরেছিলেন ম্যাককালাম। শেষ বলে প্রয়োজন ৩, স্টেইনের ঠান্ডা মাথার লেংথ বল টেলরের ব্যাটের কোনা ছুঁয়ে ফিরে গেল স্টেইনের কাছেই। বলটা ধরে রানের জন্য ছুটতে থাকা টেলরকে রানআউট করতে যখন ছুটলেন স্টেইন, বেরিয়ে এল তাঁর ফাস্ট বোলার সত্তা। বল হাতে নিয়েই প্রবল আক্রোশে ভাঙলেন স্টাম্প, ছিটকে পড়া বেলগুলোর সঙ্গে ছিটকে দিতে চাইলেন যেন চোকার তকমাটিকেও। এরপর ডাগ-আউটের দিকে খ্যাপাটে দৌড়, চ্যাম্পিয়ন বোলারকে আলিঙ্গনে জড়াতে বাঁধনহারা দৌড়ে তখন পেছনে ছুটছেন সতীর্থরা।
স্টেইন কালকের নায়ক কিন্তু শুধু শেষ ওভারের কারণেই নয়। শেষ ৩ ওভারে যখন প্রয়োজন ২৯, ১৮তম ওভারে দিলেন ৮ রান, সঙ্গে কোরি অ্যান্ডারসনের মহামূল্য উইকেট। শেষের আগের ওভারে মরনে মরকেল ১৪ দেওয়ার পরও দম না গিয়ে করলেন অমন একটা শেষ ওভার। এর আগে প্রথম স্পেলে ১ ওভারে দিয়েছিলেন মাত্র ১। দ্বিতীয় স্পেলের ১ ওভারে মাত্র ৪ রান দিয়ে নিয়েছেন ৩১ বলে ফিফটি করা কেন উইলিয়ামসনের উইকেট। ৫৭ রানের উদ্বোধনী জুটির পর টেলর-উইলিয়ামসনের ৫১ রানের জুটিতে কিউইরা তখন জয় দেখছে। কিন্তু স্টেইন দেখছিলেন অন্য কিছু!
দক্ষিণ আফ্রিকার এমন জয়ের মতোই চমকপ্রদ আরেকটি ঘটনা ঘটল ম্যাচ শেষের খানিক পর। স্টেইনের অমন বোলিংয়ের পরও ম্যাচসেরা জেপি ডুমিনি! ৪৩ বলে অপরাজিত ৮৬ রানের ইনিংসটি ছিল অসাধারণ, সন্দেহ নেই। শেষ ৫ ওভারের দলের করা ৭০ রানের ৫১-ই করেছে ডুমিনি মাত্র ১৮ বলে। কিন্তু একজন স্টেইন না থাকলে অমন ইনিংসের পরও তো দক্ষিণ আফ্রিকা ম্যাচ হেরে বসে থাকত ৩-৪ ওভার আগেই! এটি যেন আরেকবার যেন মনে করিয়ে দিল, টি-টোয়েন্টি বড় বেশি ব্যাটসম্যানদের খেলা। কালকের ম্যাচটির নামই হয়ে থাকবে স্টেইনের ম্যাচ!