স্টেইনের আঘাতে বিধ্বস্ত ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জোহানেসবার্গে হঠাত্ বৃষ্টি। বন্ধ হয়ে গেল খেলা। অনলাইন আড্ডায় মেতে উঠল ক্রিকইনফো ওয়েবসাইটের পাঠকেরা। ইংল্যান্ড ততক্ষণে অলআউট হয়ে গেছে। প্রথম ইনিংসে পুঁজিটা মাত্র ১৮০ রানের। সিরিজ জয়ের স্বপ্ন বাঁচাতে ইংল্যান্ডের এখন কী করা উচিত?প্রশ্নটার মোক্ষম জবাব দিলেন এক ইংলিশ সমর্থক। ১৯৩৯ সালের সেই ‘টাইমলেস’ টেস্টের উদাহরণ টেনে মন্তব্য করলেন, এখন অ্যান্ড্রু স্ট্রাউসদের উচিত খেলা ছেড়ে দেশে ফেরার জাহাজে ওঠা। জাহাজ ছেড়ে যাচ্ছিল দেখে নিশ্চিত জয়ের পথে থাকার পরও সেবার ইংল্যান্ড দল তা-ই করেছিল।কিন্তু সালটা আর ১৯৩৯ নয়। যদিও গত শতাব্দীর তত্ত্ব অনুসরণ করেই পেসার সহায়ক উইকেট, স্পিনারবিহীন প্রতিপক্ষ দলে ৫ পেসার থাকার পরও টস জিতে স্ট্রাউস নিলেন ব্যাটিং। সিদ্ধান্তটা ‘সাহসী’ ছিল, নাকি ‘বোকামি’—প্রমাণ হয়ে গেল সিরিজের চতুর্থ ও শেষ টেস্টের প্রথম দিনেই। জবাবে ১২ ওভারে বিনা উইকেটে ২৯ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা।দিনের প্রথম বলেই আউট হয়েছেন স্ট্রাউস। হাশিম আমলার অসাধারণ একটা ক্যাচের শিকার। উইকেটটা ডেল স্টেইনের। পরে আরও ৪ উইকেট তুলে নিয়ে ক্যারিয়ারে ১২তম বারের মতো ইনিংসে ৫ উইকেট পূর্ণ করেছেন। তবে ইংল্যান্ডকে শুরুতেই মরণ-আঘাত হানার মূল কৃতিত্ব মরনে মরকেলের। নিজেকে নতুন ‘মাখায়া এনটিনি’ ঘোষণা করা মরকেল জোনাথন ট্রট, কেভিন পিটারসেন আর অ্যালিস্টার কুককে দ্রুত ফিরিয়ে ইংল্যান্ডকে ৪ উইকেটে ৩৯ পরিণত করেন।গত ম্যাচের দুই অবিচল সেনানী পল কলিংউড আর ইয়ান বেল আবারও হাল ধরেছিলেন। প্রায় ২১ ওভারের জুটি গড়ে বিপর্যয় সামাল দেওয়ার পাশাপাশি পাল্টা আক্রমণও শুরু করেছিলেন। কিন্তু এ ম্যাচেই অভিষিক্ত রায়ান ম্যাকলারেন কলিংউডকে ফিরিয়ে দিলে ভেঙে যায় ৭৬ রানের জুটি। এর পর যা হয়েছে, সেটি শুধু স্টেইন-ত্রাস। তৃতীয়বারের মতো জোহানেসবার্গে ইনিংসে ৫ উইকেট তুলে নিয়ে স্টেইন বুঝিয়ে দিলেন, ব্যাটিংয়ের সিদ্ধান্তটা নিয়ে বুঝি সিরিজ ট্রফিটাই হাতছাড়া করলেন স্ট্রাউস।