স্টেডিয়াম, না পাঁচতারা হোটেল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাচের শেষ ওভারে ব্যাটে ঝড় তুলেছিলেন ধোনি। সেই ঝড়েই জয়ের দেখা পায় ভারত  ছবি: ক্রিকইনফো।
ম্যাচের শেষ ওভারে ব্যাটে ঝড় তুলেছিলেন ধোনি। সেই ঝড়েই জয়ের দেখা পায় ভারত ছবি: ক্রিকইনফো।

একটা বিষয়ে সবাই একমত। আগামী বছর মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ যেকোনো মূল্যে কক্সবাজারেই হবে এবং সেটার জন্য নির্ধারিত সময়ের মধ্যে কক্সবাজার স্টেডিয়ামকে প্রস্তুত করারও প্রতিজ্ঞা সবার মুখে। এটা যদি সুসংবাদ হয় তো দুঃসংবাদ হলো, সৈকতশহর কক্সবাজারে আধুনিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের স্বপ্ন আবারও ঢেকে গেছে অনিশ্চয়তার চাদরে। গলফ কোর্সের জায়গায় মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অস্থায়ী ভিত্তিতে স্টেডিয়াম হলেও এরপর নাকি আর সেটি থাকবে না। অস্থায়ী স্থাপনা সরিয়ে এখানেই হবে ১৬০ মিলিয়ন ডলার বাজেটের আন্তর্জাতিক মানের পাঁচ তারকা হোটেল! কক্সবাজারে হোটেলের অভাব নেই। অভাব ছিল একটা ভালো আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের, যা পর্যটকদের এই শহরের প্রতি আকৃষ্ট করতে পারত আরও বেশি করে। সাবেক বিসিবি সভাপতি সাবের হোসেন চৌধুরীর মাথায় প্রথম এসেছিল চিন্তাটা। উদ্যোগও নিয়েছিলেন কক্সবাজারে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের। তবে নানা জটিলতায় সেই পরিকল্পনা বাস্তবের মুখ দেখেনি। এর পর থেকে অনেকবারই কক্সবাজারে স্টেডিয়াম হবে-হচ্ছে বলে শোনা গেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপকে উপলক্ষ করে শেষ পর্যন্ত তা হয়েই যাচ্ছে বলে মনে হয়েছিল। কিন্তু গতকাল পর্যটন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভা শেষে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী ফারুক খানের বক্তব্য বড় একটা প্রশ্ন তুলে দিল এ নিয়ে। মন্ত্রী বলেছেন, ‘আমরা ইতিমধ্যে এই জায়গাতে পিপিপির (পাবলিক প্রাইভেট পার্টনারশিপ) অধীনে একটা আন্তর্জাতিক মানের ফাইভ স্টার হোটেল তৈরির কাজে হাত দিয়েছি। এটা পিপিপি অফিসে জমা আছে।’ তবে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের এই পরিকল্পনা কক্সবাজারে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে বাধা হবে না বলে জানিয়েছেন মন্ত্রী, ‘এখানে টি-টোয়েন্টি বিশ্বকাপটা হয়ে যাক। এর জন্য ইনফাস্ট্রাকচার খুব একটা লাগবে না। অস্থায়ীভাবে পিচ বানানো হচ্ছে। ড্রেসিংরুমও প্রি-ফ্যাব্রিকেটেড (আগেই তৈরি করা) হবে। কাজেই সমস্যা নেই।’

বিসিবি সভাপতি নাজমুল হাসান অবশ্য এখনই বলতে রাজি নন যে স্থায়ী স্টেডিয়ামটা বর্তমানে নির্ধারিত গলফ কোর্সের জায়গায় হবে না। কাল সভা শেষে বলেছেন, ‘পরে স্টেডিয়ামটা এখানেই থাকবে নাকি অন্য জায়গায় যাবে, সেটা সরকার বসে সিদ্ধান্ত নেবে। তবে আমি মনে করি, একটা মাস্টার প্ল্যান নিয়ে এখানে টোটাল স্পোর্টস কমপ্লেক্স হওয়া উচিত। কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের যে পরিকল্পনা আছে, কোন জায়গায় করলে সবচেয়ে ভালো হবে...সে অনুযায়ী সব হবে। আমার মনে হয় (স্টেডিয়ামটা) এই জায়গায়ও থাকতে পারে।’

তবে বিসিবি সভাপতিও বলেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সবকিছু অস্থায়ীভাবেই নির্মাণ হচ্ছে কক্সবাজারে, ‘যা যা থাকলে আইসিসি সন্তুষ্ট হবে, বিসিবি নিজেদের অর্থায়নে ৩০ সেপ্টেম্বরের মধ্যে সে সবই করবে। পিচের কাজ আগেই শুরু হয়েছে। এখন বাউন্ডারি ওয়াল দরকার। এ ছাড়া চারটা অস্থায়ী ড্রেসিংরুম হবে, যেগুলো ইচ্ছে করলেই খুলে অন্য কোথাও স্টেডিয়াম হলে নিয়ে যাওয়া যাবে।’ এর আগে বিসিবি কক্সবাজারে নিজস্ব অর্থায়নে স্টেডিয়াম করার কথা বললেও সে অবস্থান থেকে তারা সরে এসেছে বলেই মনে হলো সভাপতির কথা শুনে, ‘আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের জন্য প্রচুর ফান্ড দরকার। বিসিবির পক্ষে সম্ভব নয় ১৫০-২০০ কোটি টাকা খরচ করে স্টেডিয়াম তৈরি করা।’ টি-টোয়েন্টি বিশ্বকাপটা হয়ে গেলে তাই কক্সবাজারে স্টেডিয়াম করার দায়িত্ব বিসিবি আর নেবে না বলেই জানিয়েছে সূত্র। স্টেডিয়াম হলেও সেটা জাতীয় ক্রীড়া পরিষদের তত্ত্বাবধানেই হবে।

সভায় বিশ্বকাপ-সংক্রান্ত অন্যান্য বিষয়েও আলোচনা হয়েছে। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশ বিমানকে বিশ্বকাপের অফিশিয়াল বাহন করার প্রস্তাব দেওয়া হয়েছে। যাত্রীসেবা আর সময় মানার দিক দিয়ে বিমানের ভাবমূর্তি ততটা ভালো না হলেও বোর্ড সভাপতি বলেছেন, ‘আমরাও চাই আমাদের দেশীয় এয়ারলাইনসকে অগ্রাধিকার দিতে। কিন্তু তারা যদি কিছু সমস্যার সমাধান দিতে পারেন, তাহলেই আমরা সেটা ব্যবহার করতে পারব।