স্টেডিয়াম 'ধ্বংস' করতে ক্লাবের আহ্বান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ স্টেডিয়াম ভাঙতেই দর্শকদের আহ্বান জানিয়েছে অস্ট্রিয়ার র‍্যাপিড ভিয়েনা। ছবি: মেইল অনলাইন।
এ স্টেডিয়াম ভাঙতেই দর্শকদের আহ্বান জানিয়েছে অস্ট্রিয়ার র‍্যাপিড ভিয়েনা। ছবি: মেইল অনলাইন।

নিজেদের স্টেডিয়াম ‘ধ্বংস’ করতে দর্শকদের প্রতি আহ্বান! ভাবা যায়! এমনটিই ঘটেছে অস্ট্রিয়ার শীর্ষস্থানীয় ক্লাব ​র‍্যাপিড ভিয়েনার ক্ষেত্রে। ক্লাব কর্তৃপক্ষ আরও ঘোষণা করেছে, ‘স্টেডিয়ামটা খুশি মনে ধ্বংস করুন। অর্থ আয় করুন।’ কী অদ্ভুত ঘোষণা, তাই না? এমন ‘আত্মঘাতে’র কারণটা কী?

ব্যাপার আর কিছুই নয়। ক্লাব কর্তৃপক্ষ চাচ্ছে ৩৭ বছরের পুরোনো এই স্টেডিয়ামটি ভেঙে নতুন একটা স্টেডিয়াম বানাতে। ২২ হাজার আসনের নতুন স্টেডিয়ামটি হবে অত্যাধুনিক। উদ্বোধনের সময়ও ঠিক করে দেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে ২০১৬ সালেই উদ্বোধন করা হবে নতুন এই স্টেডিয়ামটি। এ সময় ক্লাব ব্যবহার করবে ভিয়েনায় অবস্থিত জাতীয় স্টেডিয়াম আর্নস্ট হাপেলে।

পুরোনো স্টেডিয়াম দ্রুত ভেঙে ফেলতেই এই ‘ধ্বংস উৎসবে’র আয়োজন। দর্শকেরা বিনে পয়সায় ভাঙবেন, তা নয়। এর জন্য আছে বেশ লোভনীয় পারিশ্রমিকই। এক-একটি আসন তুলে ফেলার জন্য ‘শ্রমিক’ পাবেন ১৯.৭৭ ইউরো (এ মূল্য নির্ধারণ করা হয়েছে স্টেডিয়ামটির প্রতিষ্ঠা সাল মাথায় রেখে)। মাঠ কোপাতে দেওয়া হবে প্রতি ঘণ্টায় ৫ ইউরো করে। ক্লাব কর্তৃপক্ষ এ জন্য হাতুড়ি-শাবলেরও জোগান রেখেছে।

তারা জানিয়েছে, ‘সমর্থকদের খালি হাতে এলেই চলবে। প্রয়োজনীয় যন্ত্রপাতি আমরাই দেব। যাঁরা আসবেন, তাঁদের নিরাপত্তার ভাবনাও আমাদেরই। সঙ্গে আমাদের কর্মীরা তো থাকবেই।’ সূত্র: এএফপি।