স্টেডিয়াম প্রশাসককে অপসারণ
বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিকস ট্র্যাকের ছেঁড়া জায়গা ও গর্তগুলো মেরামতের উদ্যোগ জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) নিয়েছে বলে জানা যায়নি। তদন্ত কমিটি গঠিত হয়েছে বলেও শোনা যায়নি। কিন্তু আগেই ব্যবস্থা একটা নেওয়া হলো। সরিয়ে দেওয়া হলো স্টেডিয়ামের প্রশাসক জাহাঙ্গীর আলমকে। গতকাল তাঁকে দেখা গেল স্টেডিয়ামের বিভিন্ন সরঞ্জাম বুঝিয়ে দিচ্ছেন। জাহাঙ্গীরের জায়গায় আবারও প্রশাসকের দায়িত্বে ফিরিয়ে আনা হয়েছে মোহাম্মদ ইয়াহিয়াকে। বঙ্গবন্ধু স্টেডিয়ামের বদলে জাহাঙ্গীরকে দায়িত্ব দেওয়া হয়েছে কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামের। জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী পরিচালক (প্রশাসন) আতহার আলী জানালেন, ‘ওর বদলির আদেশ আমরা হাতে পেয়েছি। ওকে কমলাপুরের দায়িত্ব দেওয়া হয়েছে।’ কিন্তু কেন জাহাঙ্গীরকে বদলি করা হলো, সে ব্যাপারে পরিষ্কার করে কিছু জানাতে চাইলেন না, ‘আমি ঠিক বলতে পারব না। তবে কর্তৃপক্ষের আদেশেই তাকে বদলি করা হচ্ছে।’ জানা গেছে, বিভিন্ন সময় কনসার্টের কারণে অ্যাথলেটিকস ট্র্যাকের ক্ষতি হওয়াতেই জাহাঙ্গীরকে সরিয়ে দেওয়া হয়েছে। অথচ সত্যটা হলো, কনসার্টের জন্য স্টেডিয়াম ব্যবহার করার অনুমতি একজন স্টেডিয়াম প্রশাসক দেন না। জাতীয় ক্রীড়া পরিষদের সভাপতি অর্থাৎ ক্রীড়া প্রতিমন্ত্রীর সম্মতিক্রমে অনুমতি দেন সংস্থাটির সচিব। জাহাঙ্গীর দাবি করলেন, পুরো ঘটনার জন্য তিনি ‘বলির পাঁঠা’ হয়েছেন, ‘আমাকে বলির পাঁঠা বানানো হয়েছে। আমি সব সময়ই ট্র্যাকের খবর এনএসসিকে জানিয়েছি। বারবার চিঠি দিয়েছি। এর বেশি আমার আর কি-ই বা করার আছে?’