স্টেডিয়াম সংস্কারে টাকা নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেসিদের অনুশীলন ভেন্যু হিসেবে কমলাপুর স্টেডিয়ামের সংস্কার হওয়ার কথা, কিন্তু ‘টাকার অভাবে’ নাকি এই স্টেডিয়ামের সংস্কার করা যাচ্ছে না! কাজেই আর্জেন্টিনা-নাইজেরিয়ার ম্যাচের আগে অনুশীলনের জন্য ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামই ভরসা। ঐতিহ্য বজায় রেখে সেখানেও এখন পর্যন্ত সংস্কারকাজ হয়নি।মজার ব্যাপার, এক দিন আগেও বাফুফের কর্তারা বলেছেন, পূর্বপরিকল্পনা অনুযায়ীই সব এগোচ্ছে। অথচ কাল হাটে হাঁড়ি ভাঙলেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) আবদুর রহমান।বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রেসবক্সের কী কী সংস্কার করা দরকার, সেটি দেখতে এসে রহমান এদিন জর্জরিত হলেন সাংবাদিকদের প্রশ্নবাণে। কিন্তু সাম্প্রতিক সময়ে দেশের ক্রীড়াঙ্গনের যাবতীয় সংস্কারকাজে সদা ব্যস্ত রহমান প্রতিটি প্রশ্নেই ড্রিবলিং করে বেরিয়ে গেলেন। আর সংস্কারের ধীরগতি বা প্রয়োজনীয় সংস্কার না করার ব্যাপারে দোষ চাপিয়ে গেলেন বাফুফের ওপর।‘সরকার বঙ্গবন্ধু স্টেডিয়াম সংস্কারের জন্য ২ কোটি ৭ লাখ টাকা দিয়েছে। এ দিয়ে আমরা বড় দুটি ড্রেসিংরুম করে দেব। তবে নতুন বাথরুম, স্টিমবাথ...এগুলো দিতে পারব না (গরম পানির ব্যবস্থা থাকবে, যেটা মামুলি ব্যাপার)। এর বাইরে আপাতত আর কোনো কাজ করা সম্ভব হবে না। কারণ সময় নেই’—বললেন রহমান।সময় নেই! ঢাকায় ৬ সেপ্টেম্বর ম্যাচ, এটা ঠিক হয়েছিল মাস ছয়েক আগেই। এত দিনে কী করল কর্তৃপক্ষ? রহমানের ব্যাখ্যা, ‘বাফুফে গত মাসের ৬ তারিখ আমাদের চিঠি দিয়েছে। এই সময়ে সরকারি প্রক্রিয়া সেরে কমলাপুরের কাজ করা সম্ভব নয়। আমাদের হাতে বরাদ্দও নেই।’মেসিদের ম্যাচের জন্য বরাদ্দ থাকবে না, এটা বিস্ময়কর। অন্যদিকে বঙ্গবন্ধু স্টেডিয়ামে অল্প কিছু কাজের জন্য ২ কোটি টাকার ওপরে বরাদ্দের খবরে অনেকেই বিস্মিত। তার ওপর বাথরুমের আধুনিকায়ন না করার কারণটা কী? রহমানের উত্তর, ‘চাইলেও এটা সম্ভব নয়। সময় কই?’তার মানে বাফুফে তাদের দেরি করে জানিয়েছে! কিন্তু রহমানের ভাষায় ‘ফতুল্লা স্টেডিয়ামের পিচ তুলে ঘাস লাগানোর কাজ তো, সমস্যা নেই, ৪-৫ লাখ টাকা লাগবে, এটা আমরা কবে দেব’—কাজটাই বা এত দিনে হলো না কেন?ম্যাচের তিন সপ্তাহ আগে এখনো সেই ‘করে দেব’ পর্যায়েই আছে সংস্কারকাজ! সবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ড্রেসিংরুম করার কাজ শুরু হয়েছে। তা-ও এটা করতে গিয়ে সিসিডিএম অফিস ভাঙা নিয়ে আরেক ঝামেলা বেধেছে।কিন্তু কমলাপুর স্টেডিয়াম পাওয়া না গেলে মেসিরা অনুশীলন করবেন কোথায়? দুই দলের জন্য তো দুটি অনুশীলন মাঠ দরকার। সাংবাদিকদের এই প্রশ্নে তাৎক্ষণিক সমাধান দিলেন রহমান, ‘কেন, ফতুল্লা আর বঙ্গবন্ধু স্টেডিয়ামে করবে?’বঙ্গবন্ধু স্টেডিয়ামে না অন্য কোথায় করবে, এটা এনএসসি কর্তার সিদ্ধান্ত দেওয়ার কথা নয়। আশ্চর্যের ব্যাপার, এসব নিয়ে বাফুফে অন্ধকারে! মাস দেড়েক আগে ক্রীড়া প্রতিমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, ‘বঙ্গবন্ধু, কমলাপুর ও ফতুল্লার প্রয়োজনীয় সংস্কার আমরা করে দেব।’রহমান যখন সংস্কারের বয়ান দিচ্ছিলেন, বাফুফের দুই কর্মকর্তা বাদল রায় ও আনোয়ারুল হক হেলাল তখন পাশে দাঁড়িয়ে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রয়োজনীয় সংস্কার হচ্ছে না, কমলাপুরে তো একেবারেই নয়, এটা জানার পরও তাঁরা তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেখাননি। সবই হজম করেছেন।বাফুফের সহসভাপতি শওকত আলী খান পরে সাংবাদিকদের বলেন, ‘কমলাপুর স্টেডিয়াম ড্রেসিংরুম, ভিআইপি বক্স ইত্যাদি কাজের জন্য ৯-১০ কোটি টাকা বাজেট করেছিল এনএসসি। এত টাকা পাওয়া সহজ নয়। কাজেই বাফুফের দোষ নয়, দোষ এনএসসিরই।’২০ সেপ্টেম্বর আর্জেন্টিনা ও নাইজেরিয়ার প্রতিনিধিদল মূল স্টেডিয়াম এবং অনুশীলন ভেন্যু আনুষঙ্গিক সুযোগ-সুবিধা দেখবে। তাঁদের না হয় ওটা-ওটা বোঝানোর চেষ্টা হলো, কিন্তু চূড়ান্ত কেলেঙ্কারি ঠেকানো যাবে তো?