নোয়াখালীর জেলা প্রশাসক সিরাজুল ইসলামের নতুন হুমকি—কোনো খেলোয়াড় বিনা অনুমতিতে নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে ঢুকলে তাঁকে গ্রেপ্তার করা হবে। গতকাল জেলা ক্রীড়া সংস্থার জরুরি সভায় তিনি এ হুমকি দেন। নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার অনুমতি দিতে এই বৈঠক ডাকা হয়।কাল বিকেলে বৈঠক এবং হুমকির বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক সিরাজুল ইসলাম প্রথমে বলেন, ‘আমি এ ব্যাপারে কোনো কথাই বলব না। বৈঠকে যাঁরা ছিলেন, তাঁদের জিজ্ঞেস করুন।’ পরে তিনি আবার বলেন, ‘...বিনা অনুমতিতে স্টেডিয়ামে ঢুকলে তো তা-ই (গ্রেপ্তার) করা হবে।’ তবে জেলা প্রশাসকের হুমকির কথা শুনে কাল বিকেলে অনেক খেলোয়াড়ই স্টেডিয়ামে খেলতে গেছেন বলে জানা গেছে।সূত্র জানায়, বৈঠকে ক্রীড়া সংস্থার ২৭ সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন মাত্র ১৩ জন। সভার শুরুতেই জেলা প্রশাসক বলেন, ‘মেলার পর মাঠ ঠিক করার দায়িত্ব আমার। আমি ওয়াদা করছি এ মেলায় জুয়া-হাউজি কিংবা অশ্লীল কিছু হবে না।’দেশসেরা অ্যাথলেট নাজমুন নাহার বিউটি জেলা প্রশাসকের গ্রেপ্তারের হুমকিতে তীব্র ক্ষোভ প্রকাশ করে প্রথম আলোকে বলেছেন, ‘ডিসি স্যার তো আমাদের গ্রেপ্তার করতেই পারেন! আমরা জেলার এবং দেশের নাম উজ্জ্বল করে তো অন্যায়ই করেছি!’বিউটির অভিযোগ, ‘গত সোমবার খেলোয়াড়দের মানববন্ধনের পর জেলা প্রশাসক আমাদের কোচ ও স্যার রফিক উল্লা আক্তারের (মিলন) ওপর ক্ষিপ্ত হয়ে তাঁর চাকরি খাওয়ার হুমকি দেন। এ কথা শুনে আমি রাত সাড়ে নয়টায় ডিসি স্যারকে ফোন করলে তিনি আমাকেও হুমকি দিয়ে বলেন, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দুস্থ খেলোয়াড় হিসেবে যে জমিটুকু (টাকার বিনিময়ে) বরাদ্দ দেওয়া হয়েছে, তা কীভাবে দেওয়া হয়, তা তিনি দেখবেন। আমাদের নাকি নোয়াখালীর কোনো মাঠেই আর ঢুকতে দেওয়া হবে না।’