স্টেডিয়ামেই খরচ ১২৩ কোটি টাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপ তো নয়, যেন খরচের উৎসব! ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে সিলেটে একটি নতুন স্টেডিয়াম নির্মাণ ও সারা দেশের আটটি পুরোনো স্টেডিয়াম সংস্কার বাবদ মোট ১২২ কোটি ৫৭ লাখ টাকার কাজে হাত দিতে যাচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।২০১১ বিশ্বকাপের পর পরই টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বিসিবি দেশে কয়েকটি স্টেডিয়াম নির্মাণ ও সংস্কারের অনুরোধ করে চিঠি দেয় এনএসসিকে। সে ধারাবাহিকতায় এনএসসি সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সঙ্গে কোনো না কোনোভাবে সংশ্লিষ্ট স্টেডিয়ামগুলোর পাশাপাশি বিশ্বকাপের সঙ্গে একেবারেই সংশ্লিষ্টতা নেই, এমন দুটি স্টেডিয়ামের সংস্কারের জন্যও দরপত্র আহ্বান করেছে। খুলনা বিভাগীয় স্টেডিয়াম সংস্কারের জন্য ৫ কোটি ১৮ লাখ ৮৩ হাজার টাকার দরপত্র আহ্বান করা হয়েছে। ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কারব্যয় ১ কোটি ৭৪ লাখ টাকা। বিশ্বকাপের কোনো কার্যক্রম না থাকার পরও কেন বিশ্বকাপকে উপলক্ষ করেই এই দুটি স্টেডিয়াম সংস্কার করা হচ্ছে—এ ব্যাপারে জানতে চাওয়ার জন্য এনএসসি সচিব আহমেদ মোরশেদের সঙ্গে ফোনে অনেকবার চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি।বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী অবশ্য বলেছেন, বিসিবির অনুরোধেই এসব কাজে হাত দিচ্ছে এনএসসি। সংস্কারের তালিকায় খুলনা আর বঙ্গবন্ধু স্টেডিয়ামেরও থাকার ব্যাখ্যায় তিনি বলেছেন, ‘শুরুতে বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা ছিল। এখন সেটা না হলেও হয়তো রুটিন ওয়ার্ক হিসেবেই সংস্কার হবে এই স্টেডিয়াম। প্রাথমিকভাবে খুলনা বিভাগীয় স্টেডিয়ামও আমাদের বিবেচনায় ছিল।’বিশ্বকাপ সামনে রেখে সিলেটে নির্মিতব্য নতুন স্টেডিয়ামের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৮৭ কোটি ৫০ লাখ টাকা। এ ছাড়া অনুশীলন মাঠের তালিকায় থাকা সিলেট জেলা স্টেডিয়াম সংস্কারের বাজেট ৫০ লাখ টাকা। নতুন স্টেডিয়াম নির্মাণের পাশাপাশি ৪ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে সংস্কার হবে কক্সবাজার জেলা স্টেডিয়ামও। টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল ভেন্যুর একটি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। ৭ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে সংস্কার হবে এটি। এ ছাড়া অনুশীলন মাঠ এমএ আজিজ স্টেডিয়াম সংস্কারের খরচ ধরা হয়েছে প্রায় ৫০ লাখ টাকা।মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে একটি জায়ান্ট স্ক্রিন থাকার পরও প্রায় সাড়ে ৭ কোটি টাকা ব্যয়ে বসানো হবে নতুন আরেকটি। জায়ান্ট স্ক্রিন ও অস্থায়ী ড্রেসিংরুম বাবদ মিরপুরে প্রায় ১০ কোটি টাকার কাজ হবে। প্রায় ৬ কোটি টাকা বাজেটে সংস্কার হবে ফতুল্লা স্টেডিয়ামও।সব মিলিয়ে প্রায় ১২৩ কোটি টাকার কাজের মধ্যে অবশ্য বিশ্বকাপের জন্য কক্সবাজারে নির্মীয়মাণ অস্থায়ী স্টেডিয়ামের হিসাব নেই। জানা গেছে, অস্থায়ী হলেও এই স্টেডিয়ামে মাটি ফেলা, সীমানাপ্রাচীর নির্মাণ ও ড্রেসিংরুম বানাতেই খরচ হবে প্রায় ১৫ কোটি টাকার মতো। তবে কক্সবাজার স্টেডিয়ামের কাজ এনএসসি করাচ্ছে না। দরপত্র আহ্বান ছাড়াই বিসিবি নিজেদের টাকায় করাচ্ছে এসব কাজ। কাজের ঠিকাদারির সঙ্গেও সম্পৃক্ত বিসিবিরই দুই শীর্ষ কর্তা। দরপত্র আহ্বান ছাড়া কাজ দেওয়ার কথা স্বীকার করলেও বিসিবির গ্রাউন্ডস কমিটির প্রধান লোকমান হোসেন ভূঁইয়া ব্যাখ্যা দিতে চাইলেন, ‘টেন্ডার দিলে কাজ শুরু করতে করতে দেরি হয়ে যায়। জরুরি কারণে সরাসরি কাজ দেওয়ার একটা সিস্টেম আছে আমাদের। কয়েকজনের কাছ থেকে কোটেশন নিয়ে যারা সর্বনিম্ন দর দিয়েছে, তাদেরই কাজ দিয়েছি।’শুধু কক্সবাজার স্টেডিয়ামই নয়, বিশ্বকাপ সামনে রেখে অন্যান্য স্টেডিয়ামে যেসব সংস্কারকাজ হবে, সেসবের প্রতিও নাকি বেশ ‘আগ্রহী’ বিসিবির কয়েকজন শীর্ষ কর্তা।