স্টেডিয়ামেই রাত্রিবাস!
হোক না মেয়েদের বিশ্বকাপ, বিশ্বকাপ তো। তা ছাড়া বিশ্বকাপ ক্রিকেটটা ছেলেদের আগে মেয়েরাই খেলেছে। ছেলেদের ক্রিকেট বিশ্বকাপ প্রথম হয়েছে ১৯৭৫ সালে, মেয়েদেরটা তার দুই বছর আগে। সেই বিশ্বকাপ খেলতে এসেই কিনা এবার পাকিস্তানের মহিলা ক্রিকেট দলকে থাকতে হচ্ছে স্টেডিয়ামে! না, এমন নয় এর পেছনে কাজ করছে অর্থনৈতিক সংকট। আসলে নিরাপত্তার কথা ভেবেই পাকিস্তান দলটিকে রাখা হচ্ছে কটকের বরাবতী স্টেডিয়ামে।আইসিসির এক মুখপাত্র জানিয়েছেন, ‘দলটি বরাবতী স্টেডিয়ামে থাকছে, এটি আমি নিশ্চিত করতে পারি। দলগুলোর সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থার ব্যাপারে আইসিসি সব ধরনের বিকল্পই বিবেচনা করেছে। এর পরই আমরা বরাবতী স্টেডিয়ামের ক্লাব হাউসটিকে বেছে নিয়েছি তাদের আবাসনের জন্য।’আসলে কটকে খেলারই কথা ছিল না কোনো দলের। বিশ্বকাপের সব ম্যাচই হওয়ার কথা ছিল মুম্বাইতে। কিন্তু ভারতের কট্টরপন্থী হিন্দুবাদী সংগঠন শিবসেনা হুমকি দিয়ে বসে মুম্বাইয়ে পাকিস্তানের ম্যাচগুলোতে বাগড়া দেওয়ার। এর পরই ‘বি’ গ্রুপের ম্যাচগুলো কটকে সরিয়ে নেওয়া হয়। এই গ্রুপে পাকিস্তানের সঙ্গে আছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। স্টেডিয়ামে থাকার ব্যবস্থা করায় অবশ্য পাকিস্তান দল খুশিই হয়েছে।আগামীকাল শুরু হবে মেয়েদের দশম বিশ্বকাপ। এএফপি।