স্টেডিয়ামের আশ্রয়হীনদের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমন ভাসমান অনেকের আশ্রয়স্থল রাতের স্টেডিয়াম। ছবি: প্রথম আলো।
এমন ভাসমান অনেকের আশ্রয়স্থল রাতের স্টেডিয়াম। ছবি: প্রথম আলো।

মাথার পাশে জড়ো করা কাগজ কুড়ানোর বস্তা। তেল চিটচিটে বালিশটা পাতা ছেড়া রাজনৈতিক ব্যানারের ওপর। ওটা ‘বিছানার চাদর!’ রাত তখন সোয়া দশটা। সাড়ে তিন বছরের ছেলেকে কোলে নিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন মুহাম্মদ মুস্তাফিজ। পাশেই স্ত্রী জাহানারা। মুস্তাফিজের ভাষায়, ‘উনি তারছেঁড়া।’ মানসিক ভারসাম্যহীন মেয়েকে নিয়েই দিব্যি সংসার চালিয়ে যাচ্ছেন মুস্তাফিজ!

মুস্তাফিজের নেই চার দেওয়ালে ঘেরা সাজানো সংসার। গত ১৫ বছর ধরে ঘুমাচ্ছেন বঙ্গবন্ধু স্টেডিয়ামের বারান্দায়! শুধু মুস্তাফিজই নন, এমন শতশত ভাসমান মানুষের রাতে ঘুমানোর আশ্রয়স্থল এই স্টেডিয়াম।

দিনের আলোয় যে স্টেডিয়ামের বারান্দায় ইলেকট্রনিকস পণ্যসামগ্রীর দোকানগুলোর ক্রেতা-বিক্রেতার চিৎকার-চেঁচামেচিতে কান পাতা দায়, সেই স্টেডিয়ামেই রাতের অন্ধকারে নেমে আসে ভুতুড়ে স্তব্ধতা। জৈষ্ঠ্যের কাঠফাটা গরমে প্রাণ জুড়োতে স্টেডিয়ামের সামনের খোলা রাস্তায় চট আর কাগজ বিছিয়ে শুয়ে থাকে আশ্রয়হীন মানুষগুলো। হঠাৎ দেখে কারও মনে হতে পারে এ যেন কোনো শরণার্থীশিবির! ঝড়বৃষ্টি আর প্রচণ্ড শীতের রাতে স্টেডিয়ামের বারান্দায় সিটি করপোরেশনের বেওয়ারিশ কুকুরদের সঙ্গে একই বিছানায় ভাগাভাগি করে রাত কাটে তাদের।

মুস্তাফিজের বাবা-মা নেই। কোথায় ঠিকানা তাও জানা নেই। গাজীপুরের এতিমখানায় বড় হয়েছেন। একদিন এতিমখানা থেকে পালিয়ে আসেন ঢাকা স্টেডিয়ামে। এরপর থেকে গত ১৫ বছর ধরে তাঁর স্থায়ী ঠিকানা বঙ্গবন্ধু স্টেডিয়াম।

আপনার দিন চলে কীভাবে? প্রশ্নটা করতেই মুস্তাফিজের শুকনো উত্তর, ‘আমি কাগজ কুড়াই। আমি কাজ করলে ও খায়। না কুড়োতে পারলে সেদিন না খেয়ে থাকি আমরা।’

স্টেডিয়াম এবং আশপাশের এলাকা পরিণত হয়েছে মাদকের আখড়ায়। হাত বাড়ালেই মেলে নেশার দ্রব্য। মুস্তাফিজও নেশাগ্রস্ত। রাতে কোনো ছিনতাই হলে সবার আগে পুলিশের নজর পড়ে এদের ওপর। এমনই এক অভিজ্ঞতার কথা বলছিলেন মুস্তাফিজ, ‘রাস্তায় ছিনতাই হলে পুলিশ আমাদের অত্যাচার করে। ধরে নিয়ে জেলে পাঠিয়ে দেয়। ছয় মাস জেলও খেটেছিলাম একবার।’ পাশের মওলানা ভাসানী হকি স্টেডিয়াম সংলগ্ন পাবলিক টয়লেটে এসব যাযাবর মানুষ সারে গোসলসহ নৈমিত্তিক প্রয়োজনীয় কাজকর্ম।

স্টেডিয়ামের সামনের রাস্তায় বসে ভাত বিক্রি করছিলেন পঞ্চাশোর্ধ্ব জাহানারা বেগম। রাস্তার এমন কয়েকটা ভাসমান দোকানে বসেই স্থানীয় রিকশাওয়ালা, দিনমজুরদের সঙ্গে প্রতিদিনের খাবার খান মুস্তাফিজরা। মাত্র ৩০ টাকা দিলে জোটে এক বেলার খাবার।

স্টেডিয়ামের ভেতরে যখন জমজমাট ফুটবল খেলা চলে, বাইরে বসে শুধুই হা পিত্যেশ করেন মুস্তাফিজরা। তবে পাঁচ বছর আগে বাংলাদেশে আর্জেন্টিনা দল এলে মেসিদের খেলা মাঠে বসে দেখেছিলেন মুস্তাফিজ, ‘মেসির খেলা দেখেছি, এটা বিরাট সৌভাগ্য। একজন দয়ালু লোক টিকিট ছাড়াই ঢুকিয়ে দিয়েছিলেন।’

মুস্তাফিজের পাশেই শুয়ে ছিলেন জাহাঙ্গীর হোসেন। বাবুবাজারের ঠেলাগাড়ি চালক জাহাঙ্গীরও ১২ বছর ধরে স্টেডিয়ামে থাকেন। সৎ মায়ের অত্যাচারে দিনাজপুর থেকে পালিয়ে চলে আসেন ঢাকায়। প্রথমে কিছুদিন কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিলেন। তবে সেখানে পুলিশের অত্যাচারে এখন ‘নিরাপদ’ আশ্রয় বানিয়েছেন বঙ্গবন্ধু স্টেডিয়ামকে। জাহাঙ্গীর খেলাপাগল মানুষ। স্টেডিয়ামের বারান্দায় ঘুমালেও খেলা দেখার সুযোগ নষ্ট করেন না। বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে যেবার মালয়েশিয়ার কাছে হেরেছিল বাংলাদেশ, ওই রাতে কষ্টে ঘুমাতে পারেননি। এখনো ঘুমাতে পারেন না স্টেডিয়ামে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি এলে। প্রধানমন্ত্রী আসার কথা থাকলে অথবা কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট থাকলে বিপদে পড়েন এই ভাসমান লোকেরা। জাহাঙ্গীরের ভাষায়, ‘আমাদের তখন তাড়িয়ে দেওয়া হয়। ফুটপাতে গেলে পুলিশ বলে, এখানে আমাদের ডিউটি। তোরা অন্য কোথাও যা। রাতটা নির্ঘুম কাটাতে হয়।’

কিশোর আলাউদ্দিন ফরিদপুর থেকে বছর তিনেক আগে পালিয়ে ঢাকায় এসেছে। কাগজ আর ভাঙা লোহালক্কড় কুড়িয়ে জীবন কাটে তার। বাবা-মা খোঁজ পেয়ে একবার নিতে এসেছিল। কিন্তু সে স্টেডিয়াম ছেড়ে কোথাও যাবে না বলেই পণ করেছে। এই বয়সেই সিগারেট ধরেছে!

স্টেডিয়ামে ঢুকে খেলা দেখার ইচ্ছা পূরণ হয় না আলাউদ্দিনের। কিন্তু বিকেলে আউটার স্টেডিয়ামে যখন অন্যরা ফুটবল, ক্রিকেট খেলে, মাঠের পাশে বসে সেটাই দেখে আলাউদ্দিন। পাশের পিচঢালা স্কেটিং গ্রাউন্ডে যখন বিভিন্ন স্কুলের কিশোর-কিশোরীরা রোলার স্কেটিং করে, তখন সে ভাবে, ‘আহা! যদি পায়ে এমন চাকা লাগিয়ে আমিও দৌড়াতে পারতাম!’

বিশ্বের অন্য কোনো আন্তর্জাতিক স্টেডিয়ামে দোকানপাট বসানোর নজির বিরল। নেই আশ্রয়হীনদের এমন অভয়ারণ্য। মুস্তাফিজ-আলাউদ্দিনদের দেখা মিলবে শুধু বাংলাদেশেই।