স্টেফানোর চোখে পেলেই সেরা
মেসি-রোনালদোর মানের না হোক, বর্তমানের সেরাদের তালিকায় নিশ্চিতভাবেই থাকবেন তিনি। সেই ওয়েইন রুনি নামলেন মেসি-রোনালদো তুলনামূলক বিচারে। সেরার লড়াইয়ে কে এগিয়ে, এটা নিয়ে কোনো সংশয় নেই তাঁর মনে। ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ স্ট্রাইকার জানিয়ে দিলেন, ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে মেসি ভালো। শুধু কি তাই, মেসিকে দিয়ে দিলেন সর্বকালের সেরার স্বীকৃতিও।রুনির এই মেসি-বন্দনা তাঁর অফিশিয়াল ফেসবুক পেজে প্রশ্ন ও উত্তর পর্বে। মেসি কেন রোনালদোর চেয়ে ভালো—এমন প্রশ্নে রুনির উত্তর, ‘সে যেভাবে খেলে এবং গোল করে, স্রেফ অবিশ্বাস্য। আমার চোখে তো মেসিই সর্বকালের সেরা।’সর্বকালের সেরার আলোচনায় অবধারিতভাবেই প্রথমে চলে আসে পেলের নাম। পেলে না ম্যারাডোনা—এই তর্কে অনেকেই যোগ করে দেন আলফ্রেডো ডি স্টেফানোর নামও। ৮৬ বছর বয়সী সাবেক আর্জেন্টাইন ও রিয়াল কিংবদন্তিও কথা বলেছেন মেসি-রোনালদো প্রসঙ্গে। যেখানে এসে গেছেন পেলেও। ‘সর্বকালের সেরা ফুটবলার কে? পেলে, মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, নির্দিষ্ট মানের জন্য তিনজনই গ্রেট খেলোয়াড়। কিন্তু পেলে ছিল ওদের চেয়ে ভালো’—বলেছেন ডি স্টেফানো। মেসি-রোনালদোর মধ্যে কে সেরা, সেই বিতর্কে না গিয়ে ডি স্টেফানো দুজনকেই ফুটিয়ে তুলেছেন নিজ নিজ গুণে সেরা হিসেবে, ‘দুজনের মধ্যে মেসি বেশি টেকনিক্যাল খেলোয়াড়। বক্সের মধ্যে বলের নিয়ন্ত্রণ এবং ড্রিবলিংয়েও ও-ই এগিয়ে। সে যে খেলাটা উপভোগ করে, এটা আপনি দেখলেই বুঝবেন। শারীরিকভাবে ক্রিস্টিয়ানো এগিয়ে, শক্তিশালীও। ওর গতি আছে, সাহস আছে। বাড়তি যোগ্যতা হিসেবে আছে দুই পায়েই গোল করার ক্ষমতা।’ ওয়েবসাইট।