স্টেফিকে দূরেই রাখছেন সেরেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমি জানতাম! সেমিফাইনাল জিতে সেরেনা l রয়টার্স
আমি জানতাম! সেমিফাইনাল জিতে সেরেনা l রয়টার্স

আর একটা গ্র্যান্ড স্লাম জিতলেই সেরেনা উইলিয়ামস ছুঁয়ে ফেলবেন স্টেফি গ্রাফকে। অংশীদার হবেন স্টেফির উন্মুক্ত যুগে মহিলা টেনিসে সবচেয়ে বেশি ২২টি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডের। তবে এমন একটি কৃতিত্বের খুব কাছে দাঁড়িয়েও স্টেফি গ্রাফকে দূরে সরিয়ে রেখেছেন মন থেকে।
কারণ? রেকর্ড নিয়ে ভাবলে চাপ বাড়ে। এর প্রভাব পড়ে পারফরম্যান্সে। তাই সেরেনার সাফ কথা, ‘আমি এটা নিয়ে একদমই ভাবছি না।’
বাস্তব উপলব্ধি থেকেই রেকর্ডের ভাবনাটা সেরেনার মন থেকে মুছে ফেলা। গত ইউএস ওপেনের আগে সবাই ধরেই নিয়েছিল ফ্লাশিং মিডোতেই ২২তম গ্র্যান্ড স্লাম ধরা দিচ্ছে সেরেনাকে, সেই সঙ্গে ক্যালেন্ডার গ্র্যান্ড স্লামও। ঠিকঠাক মতোই এগোচ্ছিল সবকিছু। কিন্তু সেমিফাইনালে ছন্দপতন ঘটালেন রবার্তা ভিঞ্চি। অপ্রত্যাশিতভাবে হারিয়ে দিলেন সেরেনাকে। সেরেনা ওই আঘাতটিকে ভোলেন কী করে, ‘গত বছর একটি শিরোপা কম ছিল আমার। শনিবার আমি না জিতলে এখনো একটা কমই থাকবে।’
শনিবার? হ্যাঁ, আগামীকালই অস্ট্রেলিয়ান ওপেনের মহিলা এককের ফাইনাল। সেমিফাইনালে চতুর্থ বাছাই আগ্নিয়েস্কা রাদভানস্কাকে হারিয়ে গতকাল ফাইনালে উঠে গেছেন শীর্ষ বাছাই সেরেনা। ৬-০, ৬-৪ গেমে সেমিফাইনালজয়ী সেরেনা শিরোপা নির্ধারণী ম্যাচে পাচ্ছেন জার্মানির অ্যাঞ্জেলিক কারবারকে। কারবারের ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম ফাইনাল। সেমিতে তিনি ৭-৫, ৬-২ গেমে হারিয়েছেন ব্রিটেনের জোহানা কন্টাকে।
২৮ বছর বয়সী কারবারের বিপক্ষে শনিবারের ফাইনালে সেরেনাই ফেবারিট। গত ইউএস ওপেনের তিক্ত অভিজ্ঞতা সেরেনাকে সতর্কও করে তুলেছে। তবে রেকর্ডছোঁয়া ২২টি গ্র্যান্ড স্লামের কথা বলতে গিয়ে আমেরিকান তারকা ফিরে গেলেন আরও পেছনে। ২০১৩ সালে ইউএস ওপেনের শিরোপা ছিল তাঁর ক্যারিয়ারের ১৭তম গ্র্যান্ড স্লাম শিরোপা। আর একটি হলেই শিরোপা জয়ে ছুঁয়ে ফেলবেন গ্রেট মার্টিনা নাভ্রাতিলোভা ও ক্রিস এভার্টকে। সেটি মনে করে বড় চাপ নিয়ে ফেলেছিলেন সেরেনা। ফল—পরের টানা তিনটি গ্র্যান্ড স্লামে শিরোপাশূন্য! কাল সেমিফাইনাল জয়ের পর ৩৪ বছর বয়সী সেরেনা মনে করিয়ে দিলেন সেটিও, ‘১৮তম শিরোপাটি জিততে যেন অনন্তকাল লেগেছিল আমার। ক্লান্ত হয়ে পড়েছিলাম। ক্লান্তিকে আবার ফিরিয়ে আনতে চাই না আমি।’
গত উইম্বলডন জেতার সময় সেরেনার বয়স ছিল ৩৩ বছর ২৮৯ দিন, যা তাঁকে টেনিসের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ নারী গ্র্যান্ড স্লামজয়ীর সম্মান এনে দিয়েছে। কোনো অঘটন না ঘটলে আগামীকাল নিজের এই ‘রেকর্ডটি’কেই তুলবেন নতুন উচ্চতায়। বয়স বাড়লেও সাফল্যক্ষুধা যে তাঁর কমেনি। ক্যারিয়ারের প্রথম ১৪ বছরে যেখানে গ্র্যান্ড স্লাম শিরোপা জিতেছিলেন ১৩টি, সেখানে সর্বশেষ চার বছরেই জিতেছেন ৮টি। বয়সটা যখন ভীষণভাবেই পেয়ে বসে অন্যদের, তখন সেরেনা যেন আরও দুর্বার। রহস্য কী? সেরেনা বলছেন, খেলাটা নিয়ে তিনি এখন আরও বেশি মনোযোগী, ‘আমি যখন শক্ত প্রতিপক্ষের সঙ্গে খেলি, যারা আগে আমাকে হারিয়েছে, তাদের সঙ্গে খেলি তখন মাথায় থাকে তারা আবার আমাকে হারাতে পারে। কাজেই নিজের খেলাটা নিয়ে আরও বেশি মনোযোগী হই।’
স্টেফিকে মন থেকে দূরে সরিয়ে রেখেই তাহলে এবার স্টেফিকে ছুঁতে চলেছেন সেরেনা! এএফপি, টেনিসডটকম।