স্টেফির অভিনন্দন

রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য। তবু কিছু রেকর্ড তো থাকে যা ভাঙা অসম্ভব বলেই মনে হয়। উন্মুক্ত যুগে গ্র্যান্ড স্লামের এককে স্টেফি গ্রাফের ২২টি শিরোপা জয়ের রেকর্ডটিকে ভাবা হচ্ছিল অনপনেয়। কিন্তু পরশু সেরেনা উইলিয়ামস সেই ‘অসাধ্য’ সাধন করলেন। জার্মানির অ্যাঞ্জেলিক কারবারকে হারিয়ে ছুঁয়েছেন স্টেফি গ্রাফের রেকর্ড। অনন্য এক রেকর্ডের একক মালিকানা হারিয়েছেন, সেরেনার ওপর তো রাগই হওয়ার কথা স্টেফির! কিন্তু এই কিংবদন্তির কথাবার্তায় সে রকম কোনো ইঙ্গিত নেই! ফেসবুকে লিখেছেন, ‘সেরেনা কী দুর্দান্ত খেলল উইম্বলডনে! দুর্দান্ত এক ক্যারিয়ারে আরেকটি প্রাপ্তি যোগ করল সে, এটি দেখার সুযোগ করে দিয়ে ভক্তদের একটা উপহার দিল।’ তবে স্বদেশি কারবারকেও অভিনন্দন জানাতে ভোলেননি সাবেক জার্মান চ্যাম্পিয়ন, ‘অ্যাঞ্জেলিককেও অভিনন্দন তার প্রতিভা ও লড়াকু মানসিকতা দিয়ে জার্মানিকে গর্বিত করার জন্য।’ সূত্র: এএফপি।